২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সংশোধন প্রস্তাব নাকচ করেছে সরকার

রাষ্ট্রীয় অংশীদারিত্ব ও পরিচালকের পদের ওপর সরকারের নিয়ন্ত্রণ হ্রাস করতে ব্যাংকের অধ্যাদেশ সংশোধন করতে গ্রামীণ ব্যাংকের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে। মন্ত্রণালয়ের যুক্তি, এর ফলে ব্যাংকের কর্মকাণ্ডের ওপর সরকারের কর্তৃত্ব খর্ব হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

তবে সারা দেশে শাখা খোলা এবং সরকারের পরিবর্তে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ও ডিবেন্টার্স বিক্রি করতে ব্যাংকটি যে প্রস্তাব দিয়েছিল, মন্ত্রণালয় তাতে সম্মতি দিয়েছে।

সচিবালয়ের প্রশাসনিক উন্নয়ন কমিটির কাছে পাঠানো এক চিঠিতে অর্থ মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের সাথে লাখ লাখ গ্রামীণ মানুষের ভাগ্য জড়িত। ব্যাংকটির ঋণগ্রহীতার স্বার্থ রক্ষায় সরকারের বিশেষ মনোযোগ দেওয়া ও এর কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন।

সচিবালয় কমিটির যাচাই--বাছাই শেষে চিঠিটি মন্ত্রিপরিষদে পাঠানো হবে।

গ্রামীণ ব্যাংক সরকারের শেয়ার ২৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশে আনা, পরিচালক বোর্ডে সরকারের প্রতিনিধিত্ব তিনজন থেকে কমিয়ে দুইজন করা এবং বোর্ডের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্ব বাতিল করতে ব্যাংক অধ্যাদেশে সংশোধন আনতে আবেদন জানিয়েছিল।

এর আগে সরকার ১৯৮৬ সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করে রাষ্ট্রীয় শেয়ারের পরিমাণ ৬০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নিয়ে আসে। এছাড়া সরকার বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা ছেড়ে দেওয়ার মাধ্যমে তার কর্তৃত্ব শিথিল করেছে।

সম্প্রতি গ্রামীণ ব্যাংকের মূলধন কাঠামো ও লভ্যাংশ পরীক্ষা করে অর্থ মন্ত্রণালয় প্রয়োজনে পরিশোধিত মূলধন বৃদ্ধির মাধ্যমে হলেও সরকারের শেয়ার বজায় রাখতে সুপারিশ করে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সরকার যদি ২৫ শতাংশ শেয়ার ধরে রাখে, তাহলেও তিন পরিচালকের মাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব ধরে রাখা যৌক্তিক হবে।

এতে বলা হয়, চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকারের কর্তৃত্বও বজায় থাকবে।

গ্রামীণ ব্যাংক ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে এর কার্যক্রম বি¯তৃত করায় সারাদেশে কার্যক্রম আরো ছড়িয়ে দিতে সরকারকে দেওয়া ব্যাংকটির প্রস্তাব অনেকাংশেই যুক্তিযুক্ত বলে মনে করা হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের কাঠামো অনুযায়ী ব্যাংক থেকে ঋণগ্রহীতা ব্যাংকটির মালিকে পরিণত হয়। ঋণগ্রহীতার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রামীণ ব্যাংকের পরিশোধিত মূলধনও বাড়ছে এবং প্রাথমিক মূলধন তিন কোটি থেকে ২৯ কোটি ১৫ লাখে উন্নীত হয়েছে।

পরিশোধিত মূলধনের কারণে গ্রামীণ ব্যাংকের শেয়ার বৃদ্ধি পাওয়ায় প্রকৃতপক্ষে সরকার ও রাষ্ট্রনিয়ন্ত্রিত সংস্থার শেয়ার ২৫ শতাংশ থেকে কমে ছয় দশমিক ১৭ শতাংশে দাঁড়িয়েছে।