তিন বছরে চামড়া রফতানির দ্বিগুণ লক্ষ্যমাত্রা নির্ধারণ
চীন ও ভিয়েতনামের চামড়া ও চামড়াজাত জুতার ওপর এন্টি ডাম্পিং আইন কার্যকর হওয়ার পর ইউরোপীয় বাজারে বাংলাদেশী চামড়া ও চামড়াজাত জুতা রফতানির উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে চামড়া রফতানি ১২ শতাংশ ও চামড়াজাত জুতা রফতানি ২৯ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-- জানুয়ারি সময়ে এ খাতে রফতানি আয় দাঁড়ায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আগের অর্থবছরে রফতানি আয় ছিল ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।
লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের (এলএসবিপিসি) সমন্বয়কারী গোলাম হোসেন সোমবার বিডিনিউজকে জানান, সরকার আগামী তিন বছরে শোধিত চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে।
সরকার ইতোমধ্যে বাস্তবায়নযোগ্য এ খাতে সংশ্লিষ্ট সকলের সমর্থন নিয়ে একটি উন্নয়ন কৌশল ও পরিকল্পনা নিয়েছে এবং তা ২০০৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে বাস্তবায়িত হবে।
সরকারের এ উন্নয়ন পরিকল্পনা কেবল রফতানি খাতের জন্য নয়, আমদানি খাতেও কার্যকর হবে। তিনি বলেন, কৌশল ও প্রক্রিয়া অনুযায়ী আমরা এখন পরিকল্পনা বাস্তবায়ন করছি।
বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএলএলইইএ) সভাপতি টিপু সুলতান বলেন, চীন ও ভিয়েতনামের ওপর এন্টি ডাম্পিং আরোপিত হওয়ায় এ বছর থেকে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের চামড়া আমদানি বাড়বে।
গত ডব্লিউটিও বৈঠকে গৃহীত শুল্কমুক্ত সুবিধার কথা উল্লেখ করে গোলাম হোসেন বলেন, চামড়া ও চামড়াজাত পণ্যের ব্যাপারে শুল্কমুক্ত সুবিধা পেতে সরকার জাপানসহ অন্যান্য দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে অগ্রসর হবে।
এলএসবিপিসি’র কর্মসূচি ব্যবস্থাপক ইশরাত জাহান বলেন, চামড়ার ওপরে প্রলেপ দেওয়ার কাজ যথাযথ হলে মূল্য ৪০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
তিনি বলেন, এ খাতে বাস্তব পরিকল্পনা, কারিগরি দক্ষতা ও সুযোগসুবিধার কৌশলগত উন্নয়ন আমরা চালিয়ে যাচ্ছি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মতে, গত বছর চামড়া ও চামড়াজাত জুতা রফতানির মাধ্যমে যথাক্রমে ২২০ মিলিয়ন ও ৮৭ মিলিয়ন ডলার আয় হয়।
ইপিবি সূত্র জানায়, ২০০১--০২ সালে চামড়া রফতানি আয় ছিল ২০৭ মিলিয়ন ডলার। যদিও জাপানি বাজারের ওপর ভিত্তি করে চামড়াজাত জুতা রফতানি বহুগুণ বেড়ে যায়।
চামড়া খাতে শ্রম, গুণগতমান উন্নয়ন এবং নতুন কৌশল ও বাজার সংক্রান্ত তথ্য সরবাহের লক্ষ্যে ব্যক্তি ও সরকারের যৌথ মালিকানাধীন এলএসবিপিসি গঠন করা হয়েছে।
ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) চামড়া ও চামড়াজাত জুতা শিল্পে পরিকল্পনা ও কৌশল প্রণয়নে এবং প্রযুক্তি বিনিময়ে সহযোগিতা দিচ্ছে।
চামড়া শিল্পের উন্নয়নে আইটিসি ও ইতালি সরকারের সহযোগিতায় বাংলাদেশ লেদার সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।
