কুষ্টিয়া পৌরসভায় ৩২ কোটি টাকার বাজেট ঘোষণা
নতুন করারোপ ছাড়াই কুষ্টিয়া পৌরসভার ২০০৬ - ০৭ অর্থ বছরের ৩১ কোটি ৬২ লাখ ৩৬ হাজার দুইশ ২২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার মোহাম্মদ আব্দুর রহিম মিলনায়তনে পৌর চেয়ারম্যান আনোয়ার আলীর সভাপতিত্বে পৌর কমিশনার, কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। এ সময় পৌর চেয়ারম্যান কুষ্টিয়াকে একটি সুন্দর ও দেশের মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।
আগামী ২০০৬ - ০৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব আয় ও ব্যয় ধরা হয়েছে সাত কোটি সাত লাখ ৫৪ হাজার ছয়শ’ টাকা। উন্নয়ন খাতে আয় - ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৬৯ লক্ষ ৫৯ হাজার ছয়শ’ টাকা। প্রস্তাবিত বাজেটে বিএমডিএফ প্রকল্পে রাস্তা উন্নয়ন ও নির্মাণ, ড্রেন উন্নয়ন ও নির্মাণ, মার্কেট উন্নয়ন ও নির্মাণ, কম্যুনিটি সেন্টার নির্মাণ, ব্রিজ কালভার্ট নির্মাণ, ড্রেনেজ প্রোগ্রামে মেইন ড্রেনসমুহ উন্নয়ন ও নির্মাণ, রোড, বিদ্যুৎ, পার্ক, গোরস্থান, জাদুঘর, মার্কেট ইত্যাদি সংস্কার ও নতুন নির্মাণ, বৃক্ষরোপনসহ নগর দারিদ্র্য দুরীকরণ প্রকল্পসমুহ এ বাজেটের আওতায় রাখা হয়েছে। নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বাজেট উপস্থাপন করেন। পৌর চেয়ারম্যান আনোয়ার আলী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিক সম্মেলনে ইলেক্ট্রনিক মিডিয়া, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
