ঢাকায় চালু হচ্ছে বেসরকারি ল্যান্ডফোন
বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ঢাকায় চারটি বেসরকারি কোম্পানিকে ল্যান্ড ফোন চালানোর অনুমতি দেওয়ার উদ্যোগ নিয়েছে।
ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্রে আগামী ৮ মে’র মধ্যে আগ্রহীদের প্রস্তাবনা জমা দিতে বলা হয়।
বিটিআরসি সূত্র জানায়, প্রাথমিকভাবে ঢাকা অঞ্চলের জন্য চারটি কোম্পানিকে বেসরকারি ব্যবস্থাপনায় কর্ডলেস ল্যান্ড ফোন পরিচালনার লাইসেন্স দেওয়া হবে। আবেদনের জন্য প্রতিটি কোম্পানিকে আবেদন ফি হিসেবে নগদ এক কোটি টাকা জমা দিতে হবে। একই সাথে জমা দিতে হবে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি।
প্রাথমিকভাবে প্রস্তাব গৃহিত হলে আবেদনকারিদের ১৫ কোটি টাকার বিনিময়ে ২০ বছর মেয়াদি লাইসেন্স দেওয়া হবে। এরপর প্রতি পাঁচ বছর পর পর লাইসেন্স নবায়ন করতে হবে। নবায়ন ফি বছরে এক কোটি ২০ লাখ টাকা।
সূত্র জানায়, অপারেশনে যাওয়ার দুবছরের মধ্যে কোম্পানিগুলোকে কমপক্ষে ২৫ হাজার গ্রাহক করার বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় বিটিআরসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
বিটিআরসি সূত্র জানায়, ঢাকার বাইরের চারটি জোনের জন্য ১৭টি কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে বিটিটিবিসহ দুটি কোম্পানি আগে থেকেই অপারেশনে ছিলো। বাকীগুলোর মধ্যে চারটি কোম্পানি অপারেশন শুরু করেছে।
