২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ ৫৩টি গার্মেন্টস কারখানাকে ২টি করে নির্গমন পথ তৈরির নির্দেশ দিয়েছে

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) অগ্নিদুর্ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সদস্যভুক্ত ৫৩টি কারখানাকে দু’টি করে নির্গমন পথ তৈরির নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিজিএমইএ ৪৫ দিনের মধ্যে এ নির্দেশ পালনের জন্যে ৪ মার্চ কারখানাগুলোর মালিকদের প্রতি প্রজ্ঞাপন জারি করে। সমিতি ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত এর সদস্য কারখানাগুলোর অগ্নিনিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শনের পর এই প্রজ্ঞাপন জারি করে।

বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী বিডিনিউজকে বলেন, তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে বিজিএমইএ’র নির্দেশ পালন না করে, তবে আমরা তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের কথা চিন্তা করবো।

বিজিএমইএ’র অগ্নিনিরাপত্তা বিভাগ সর্বশেষ এক মাসে পরিচালিত তাদের পরিদর্শনকালে দেখতে পায়, একটি করে নির্গমন পথ থাকা সবগুলো কারখানাই ঢাকায় অবস্থিত।

বিজিএমইএ’র একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই ৫৩টি কারখানার মধ্যে ৪৩টি কারখানায় উৎপাদন চালু রয়েছে এবং বাদবাকিগুলো বিগত তিন বছর ধরে বন্ধ রয়েছে।

‘এই কারখানাগুলোর অধিকাংশই নগরীর বনানী চেয়ারম্যান বাড়ি, মালিবাগ, মিরপুর ও পুরাতন ঢাকা এলাকায় অবস্থিত’-- উল্লেখ করে তিনি বলেন, বিজিএমইএ অগ্নিঝুঁকির মধ্যে থাকা প্রায় ১৬৯ গার্মেন্টস কারখানাকে চিহ্নিত করেছে, যার মধ্যে ৫৩টি কারখানার একটি করে নির্গমন পথ রয়েছে।

এই ৫৩টি কারখানা অধিক দুর্ঘটনা ঝুঁকির মধ্যে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চট্টগ্রামে অ্যারিনা গ্র“পের মালিকানাধীন চারতলা বিশিষ্ট কেটিএস গার্মেন্টস কারখানায় ২৩ ফেব্র“য়ারি দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিল্প অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯জন জীবন্তদগ্ধ হয়ে নিহত এবং প্রায় ১৫০ জন আহত হওয়ার পর দেশের বস্ত্র খাতের শীর্ষ সংগঠনটি এই পদক্ষেপ গ্রহণ করে।

সংবাদপত্রের তথ্য অনুযায়ী কেটিএস কারখানায় মৃত্যুসহ ১৯৯০ সালের পর থেকে অগ্নিকাণ্ড সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৩৫০জন গার্মেন্টস শ্রমিক নিহত এবং প্রায় দেড় হাজার আহত হয়েছে।

বর্তমানে বিজিএমইএ’র ৪,২০০ সদস্য রয়েছে।

বাংলাদেশ নীটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতিও (বিকেএমইএ) তার সদস্য কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের কাজ শুরুর পরিকল্পনা করছে। সমিতি ইতোমধ্যে তার প্রায় এক হাজার সদস্যকে কারখানার নির্গমন পথ খোলা রাখার নির্দেশ দিয়েছে।

বিকেএমইএ সভাপতি মুহাম্মদ ফজলুল হক বিডিনিউজকে বলেন, আমাদের সদস্য কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা একটি কমিটিও গঠন করেছি।

তিনি বলেন, বিকেএমইএ’র পঞ্চম পরিচালক নির্বাচন অনুষ্ঠানের পর এ ব্যাপারে আরো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হবে।