ইস্টার্ণ ব্যাংক ঢাকায় তিনটি ফাইন্যান্সিয়াল কিয়স্ক চালু করেছে
ইস্টার্ণ ব্যাংক লি. (ইবিএল) সোমবার ’অলওয়েজ ইবিএল’ নামে ঢাকায় তিনটি ফাইন্যান্সিয়াল কিয়স্ক বা ’২৪ ঘন্টায় মিনি ব্যাংকিং’ চালু করেছে। দেশে এই প্রথম একটি স্থানীয় ব্যাংক ফাইন্যান্সিয়াল কিয়স্ক চালু করলো।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার ঢাকার এক হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, কর্পোরেট ব্যাংকিং প্রধান সোহেল আর কে হোসেন, কনজুমার ব্যাংকিং প্রধান মাসরুর আরেফিন এবং কার্ডসের ভারপ্রাপ্ত প্রধান ইকবাল হোসেন।
মাহমুদ সাত্তার বলেন, প্রতিটি কিয়স্কে থাকছে এটিএম মেশিন, বিল জমা দেবার মেশিন, ইন্টারনেট ব্যাংকিং ও ভোক্তা সেবা ডেস্ক।
তিনি জানান, ঢাকার খিলক্ষেত, মোহাম্মদপুর ও ধানমন্ডির সাত মসজিদ সড়কে স্থাপিত এ তিনটি ফাইন্যান্সিয়াল কিয়স্ক শুধু যে মানুষের দরজায় প্রযুক্তিগত সেবা এনে দিলো তাই নয়, ভোক্তা সেবা ডেস্কের মাধ্যমে বেসিক ব্যাকিং এর চাহিদা পূরণেও যোগ করবে নতুন মাত্রা।
তিনি উল্লেখ করেন, ২৪ ঘন্টা সব ধরনের বিল (গ্যাস, পানি, বিদ্যুৎ, ফোন ইত্যাদি) জমা দেবার সুবিধা মানুষের জীবণযাত্রাকেই সহজ করবে।
তিনি বলেন, শাখা ব্যাংকিং এর এক-চতুর্থাংশ খরচে কিয়স্ক এর মাধ্যমে শাখা ব্যাংকিং ৮০ শতাংশ কর্মকান্ড সম্পন্ন করা সম্ভব।
দেশে হংকং সাংহাই ব্যাংক করপোরেশন (এইচএসবিএস) প্রথম ফাইন্যান্সিয়াল কিয়স্ক চালু করলেও তারা তা উল্লেখ করেননি। তবে ফাইন্যান্সিয়াল কিয়স্ক স্থাপনে লাইসেন্স প্রদানে বাংলাদেশ ব্যাংক কিছু সীমাবদ্ধতা রেখেছে।
