বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে
বাংলাদেশ ও ভারতের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি কমাতে দু’ দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠিত হতে যাচ্ছে।
টাস্কফোর্স গঠনের লক্ষে দুদেশের শীর্ষ ব্যবাসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে।
বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজকে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানোর ব্যাপারে সমঝোতা স্মারকে দিকনির্দেশনা থাকবে।
দুদেশের মধ্যে বর্তমানে বাণিজ্য ঘাটতির পরিমাণ ১০ হাজার কোটি টাকা। দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে ভারত এগিয়ে আছে। গত এক দশকে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১২ বিলিয়ন মার্কিন ডলার।
প্রধান আমদানি রপ্তনি নিয়ন্ত্রকের মতে, গত ২০০৪ -- ২০০৫ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে ১২ হাজার ৩৩৩ কোটি টাকার পণ্য আমদানি করে, অন্যদিকে একই সময়ে বাংলাদেশ ভারতে রপ্তানি করে মাত্র ৯৫০ কোটি টাকার পণ্য। এর আগের অর্থবছরে আমদানি - রপ্তানির এ পরিমাণ ছিল যথাক্রমে নয় হাজার ৪২০ কোটি এবং ৫৭৫ কোটি টাকা।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দিল্লি সফরের সময় এফবিসিসিআই সভাপতি এবং এফআইসিসিআই সভাপতির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন।
মীর নাসির হোসেন জানান, সমঝোতা স্মারক দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ক্ষেত্রে সহায়ক হবে।
ভারতের বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশ সহজতর করলে বাণিজ্য ঘাটতি দ্রুত কমিয়ে আনা সম্ভব হবে। এছাড়া ভারতের বেসরকারি খাতকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করার মাধ্যমেও তা কমিয়ে আনতে পারে বলে তিনি জানান।
