২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে ব্রয়লার মুরগির দামের পাশাপাশি মাছের দাম বৃদ্ধি অব্যাহত

বার্ডফ্লুর আশঙ্কা থাকার পরও ঢাকার বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েই চলেছে। একই সঙ্গে মাছের সরবরাহ কম থাকায় অস্বাভাবিক হারে বাড়ছে মাছের দাম। অবশ্য এ সপ্তাহে সবজির বাজার স্থিতিশীল রয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 05:09 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতে বিশেষ করে ভারত ও মায়ানমারের মুরগির খামারগুলোতে চলতি মাসে বার্ড ফ্লু আক্রান্তের সরকারি ঘোষণার পর দেশের খামারগুলোতে এই ভাইরাস আক্রান্তের আশঙ্কা বেড়েছে। তারপরও বাজারে ব্রয়লার মুরগির দামের ওপর কোনো প্রভাবই পড়েনি।

গত সপ্তাহে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ছিল ৮০ থেকে ৮৫ টাকা। অথচ চলতি সপ্তাহে এর দাম বেড়ে দাঁড়ায় ৯০ টাকা। একই সঙ্গে দেশী মুরগির দামও এ সপ্তাহে কেজি প্রতি বৃদ্ধি পায় পাঁচ থেকে ১০ টাকা। মুরগির দাম বেড়ে যাওয়ার ফলে গরুর মাংসের দামের ওপরও প্রভাব পড়েছে।

কারওয়ান বাজারের খুচরা মুরগি ব্যবসায়ী জলিল বলেন, সাধারণত প্রতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে ফার্মের মুরগির দাম বাড়তে থাকে। তবে এ বছরে ফার্মের মুরগির দাম অন্য বছরের তুলনায় অনেক বেশি।

এদিকে মাছের দাম অন্য যে সাম্প্রতিক সময়ের তুলনায় শুক্রবার অনেক বেশি ছিল। ছোট আকৃতির এক জোড়া ইলিশ ১৬০--১৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মাঝারি থেকে বড় আকৃতির একটি ইলিশ ২০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের বিক্রেতা সবুজ জানান, স্বল্প সরবরাহের কারণে গত সপ্তাহের তুলনায় প্রতিটি ইলিশের দাম ৬০ থেকে ৭০ টাকা বেড়েছে।

শুক্রবার সকালে কর্মজীবী শাকিলা বিডিনিউজকে ক্ষোভের সঙ্গে জানান, দাম নিয়ে কি বলব, বাজারে মাছই তো কম।

ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ডলারের বিপরীতে টাকার মূল্য পতনে আমদানিকৃত খাদ্য সামগ্রীর দাম অব্যাহত গতিতে বাড়ছেই। এ মাসের শুরুতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে গুড়া দুধ, শিশু খাদ্য, চিনি, দুগ্ধজাত পণ্য, ভোজ্য তেল এবং ডালের দাম দফায় দফায় বাড়ছে।

রাজধানীর শুক্রাবাদের চিত্রা বিপণী বিতানের বিক্রেতা বলেন, টাকার মূল্য যেভাবে হ্রাস পাচ্ছে, তাতে আমদানিকৃত খাদ্যসামগ্রীর দাম আরো বৃদ্ধি পাবে। বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের দাম বাড়ার ঘোষণা দিলেও তা এখনো কার্যকর করেনি।

তিনি আরো জানান, বিভিন্ন কোম্পানির কোমল পানীয়’র দাম লিটার প্রতি পাঁচ টাকা বেড়েছে।

বিভিন্ন ব্রান্ডের গুড়া দুধের দাম গত দেড় সপ্তাহে কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ টাকা। এর পাশাপাশি  কনডেন্সড মিল্কের কৌটা প্রতি ১০ টাকা বেড়েছে।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা হাতেম বলেন, আমদানি খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে এ সপ্তাহে দ্রুত বিভিন্ন পণ্যের দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।

বাজারে এখনো খেসারিসহ অন্যান্য ডালের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। অবশ্য চালের দাম বিশেষ করে মাঝারি ও মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে।

এদিকে স্বল্প সরবরাহের কারণে বাজারে সকল মাছের দামের উর্ধ্বগতি অব্যাহত থাকলেও সবজির দাম তুলনামূলক স্থিতিশীল।