২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের কারণ দর্শাও নোটিশের জবাবে ইসলামী ব্যাংকের আত্মপক্ষ সমর্থন, ৪ কর্মচারি বহিস্কার

মুদ্রা পাচার বিরোধী আইন (অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট) ভঙ্গের অভিযোগ এনে বাংলাদেশ ব্যাংক দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে (আইবিবিএল) কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রেক্ষিতে ব্যাংকটি বুধবার বলেছে, কে জঙ্গি আর কে জঙ্গি নয় এটা কেউ জানে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 10:32 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ইসলামী ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ব্যাংকের সিলেট, সাভার ও গাজীপুর শাখার চার কর্মচারিকে বরখাস্ত করা হয়েছে এবং কর্তব্যে অবহেলার অভিযোগে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে তিনি তাদের নাম পরিচয় ও তাদের ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাতে রাজি হননি।

ইসলামী ব্যাংকের নির্বাহী সভাপতি আব্দুর রাকিব বিডিনিউজকে বলেন, কে জঙ্গি আর কে জঙ্গি নয় এটা কেউ জানে না। কারো শরীরে ‘জঙ্গি’ শব্দটি লেখা থাকে না।

ইসলামী ব্যাংকে কয়েকটি জঙ্গি সংগঠনের অ্যাকাউন্ট ও ব্যাংকের কয়েকটি শাখায় সন্দেহজনক লেনদেনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর বুধবার তিনি বিডিনিউজকে এ কথা বলেন।

তিনি বলেন, জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর প্রধান আবদুর রহমানের সিলেটের আস্তানা থেকে পুলিশ ইসলামী ব্যাংকের চেকবই জব্দ করার আগ পর্যন্ত তারা কোন ব্যাংক অ্যাকাউন্টকে জঙ্গিদের বলে সন্দেহ করেনি।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, জাভেদ খান নামের একজন গাজীপুর ও সাভারের ইসলামী ব্যাংকের দুটি শাখা থেকে সিলেটের লালদীঘিরপাড় শাখায় আবদুর রহমানের অ্যাকাউন্টে চার লাখ ১৫ হাজার টাকার আটটি টিটি পাঠিয়েছেন।

আব্দুর রাকিব বলেন, এটি জানার পরপরই আমরা আভ্যন্তরীণ একটি তদন্ত চালিয়েছি। ইতোমধ্যে আমরা চার কর্মচারিকে বরখাস্ত করেছি এবং কর্তব্যে অবহেলার কারণে ১২ জনকে অভিযুক্ত করেছি।

তিনি বলেন, জঙ্গিদের সনাক্ত করার কোনো কৌশল নেই। প্রচলিত মুদ্রা পাচার প্রতিরোধ আইনেও সন্দেহজনক লেনদেন সনাক্ত করার কোনো উপায় নেই।

ড্রাফটের মাধ্যমে অর্থ প্রেরণকারীর স্বাক্ষরের বিপরীতে ব্যাংক কর্মচারিরা কেন অ্যাকাউন্টধারীর স্বাক্ষর যাচাই করেনি তা জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার ইসলামী ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং আগামী ১০ দিনের মধ্যে তার জবাব দিতে ব্যাংকটির প্রতি নির্দেশ দেয়।

রাকিব বলেন, আমরা মনে করি না, এটা কোনো কারণ দর্শানোর নোটিশ। নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা চেয়েছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক কর্মচারিরা ব্যাংকের ১৬৯টি শাখার দুই লাখ ৭০ হাজার গ্রাহকদের সেবা দিতে ব্যস্ত থাকে। প্রতিটি অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা কঠিন।

বাংলাদেশ ব্যাংকের ‘আপনার গ্রাহককে জানুন’ দিকনির্দেশনা সম্পর্কে প্রশ্ন করা হলে রকিব বলেন, এটি সংশ্লিষ্ট ব্যবস্থাপকের ত্র“টি। এটি কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। একজনকে যেহেতু অনেক বেশি অ্যাকাউন্টের তদারকি করতে হয়, সেক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটতেই পারে।

তিনি বলেন, ব্যাংক সন্দেহজনক লেনদেনের ঘটনাসহ মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিবৃতি পাঠায়। কিন্তু ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে কতটা সন্দেহজনক অ্যাকাউন্টের রিপোর্ট প্রেরণ করেছে সে ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

রাবেতা আল--আলম আল--ইসলামী প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা মীর কাশেম আলীর সাথে ব্যাংকের কী সম্পর্কে সে ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি এক সময় ব্যাংকের পরিচালক ছিলেন। কিন্তু এখন তার সাথে ব্যাংকের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, রাবেতা আল--আলম আল--ইসলামীর সাথে জঙ্গিদের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে।

আব্দুর রকিব বলেন, গণমাধ্যম আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। জেএমবির সাথে ইসলামী ব্যাংকের কোনো সম্পর্ক নেই।