শ্রীলঙ্কা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্বোধন
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার বাণিজ্য জোরদার এবং রপ্তানি পণ্য দ্রুত পরিবহন নিশ্চিত করতে দু’দেশের মধ্যে সরাসরি নৌ ও বিমান যোগাযোগ স্থাপনের ওপর মঙ্গলবার শ্রীলঙ্কা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন ।
বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী (অব.) নবগঠিত শ্রীলঙ্কা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএল-বিসিসিআই) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বন্ধুত্বপূর্ণ দুটি দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্যের উন্নয়নে শ্রীলঙ্কা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অনুঘটকের ভূমিকা রাখবে।
রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেম্বারের চেয়ারম্যান এস রঙ্গনাথন। অনুষ্ঠানে ডিডি পাকিরকে এসএল-বিসিসিআই ১০ সদস্য বিশিষ্ট কমিটির সচিব করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকা ও কলম্বোর মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হলে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন উচ্চতা অর্জিত হবে। নৌ যোগাযোগের মাধ্যমে দু দেশের মধ্যে বাণিজ্যিক পণ্যের বিনিময় আরও দ্রুততর হবে বলেও তিনি জানান।
তিনি দু’ দেশের রপ্তানি পণ্যের সম্ভাবনা যাচাই করে দেখার লক্ষ্যে বাণিজ্য প্রদর্শন কেন্দ্র খোলা, একে অপরের দেশে ঘন ঘন বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো, উভয় দেশে বিশেষ এবং নিয়মিত একক অথবা যৌথ বাণিজ্য মেলার আয়োজন এবং বাজারের সম্ভাবনার দিকগুলো দেখার জন্য বিশেষজ্ঞের মাধ্যমে পণ্য চিহ্নিত করার প্রস্তাব দেন।
মন্ত্রী বিশ্বায়নের যুগে শ্রীলংকা-বাংলাদেশ শিল্প ও বনিক সমিতি গঠনে সহায়তার জন্য শ্রীলংকা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা করেন, বাংলাদেশে কৃষি ও প্রযুক্তি নির্ভর শিল্পের জন্য নতুন মাত্রা অর্জনে নবগঠিত এ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান দু’ দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ অত্যন্ত কম বলে উল্লেখ করেন। অর্থনৈতিক সমৃদ্ধি ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে দু’ দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক খাতগুলো চিহ্নিত ও বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে তিনি চেম্বারের দৃষ্টি আকর্ষণ করেন।
বাংলাদেশে শ্রীলংকার হাইকমিশনার জামিনি এস মুনাসিঙ্গে বলেন, সরাসরি বিমান যোগাযোগ না থাকায় দু’ দেশের মধ্যকার বাণিজ্যিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকা--ক লকাতা--কলম্বোর মধ্যে বিমান চালু হলে বাণিজ্য ক্ষেত্রে দু’ দেশই উপকৃত হবে বলে তিনি মত প্রকাশ করেন।
এ বছর জুলাই মাসে ঢাকায় শ্রীলঙ্কা একক দেশীয় বাণিজ্য মেলার আয়োজন করতে যাচ্ছে বলেও তিনি জানান।
২০০৪--০৫ অর্থবছরে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল ২১ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার।
