১৭ ও ১৮ নং ব্লকের ৬০% শেয়ার কিনছে টোটাল গ্যাস: অনুমোদন দিচ্ছে পেট্রোবাংলা
বিশ্বখ্যাত টোটাল গ্যাস এর কাছে টালো অয়েল পিএলসি’র বাংলাদেশ অপারেশনের আওতাধীন বঙ্গোপসাগরের ১৭ ও ১৮ নং ব্লকের ৬০ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব পেট্রোবাংলা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করতে যাচ্ছে।
পেট্রোবাংলা এবং টালো অয়েল--এর বাংলাদেশ সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে,
পেট্রোবাংলা বুধবার এই শেয়ার হস্তান্তর প্রস্তাব অনুষ্ঠানিকভাবে অনুমোদন করবে।
ইতোমধ্যে এই বিক্রি প্রস্তাব কার্যকর করার জন্যে জ্বালানি মন্ত্রণালয় পেট্রোবাংলার প্রস্তাব অনুমোদন করেছে।
এই অনুমোদনের মধ্যে দিয়ে ’৭৯ সালের পর আবারো টোটাল বাংলাদেশে তেল গ্যাস অনুন্ধানে কাজ শুরু করতে যাচ্ছে।
জানা যায়, প্রথম রাউন্ড বিডিং--এর সময় পেট্রোবাংলা ওই ব্লক দুটিতে তেল গ্যাস অনুসন্ধানের জন্যে অকল্যান্ড--রেক্সউড যৌথ উদ্যোগের সাথে উৎপাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) স্বাক্ষর করে। কিন্তু এই অকল্যান্ড--রেক্সউড নির্ধারিত সময়ে তেমন কোনো কাজ করেনি।
কয়েক বছর আগে টালো ওই ব্লক দু’টির ৯২ শতাংশ শেয়ার কিনে নেয়। তখন রেক্সউডের থাকে আট শতাংশ শেয়ার। টালো ব্লক দু’টির উপাত্ত সমীক্ষার পাশাপাশি ১৭ নং ব্লকে একটি অনুসন্ধান কূপ খনন করে। কিন্তু তাতে কোনো আবিষ্কার ঘটেনি।
খোঁজ নিয়ে জানা যায়, ব্লক দু’টির শেয়ার বিক্রির ব্যাপারে গত কয়েক মাস ধরে টালোর সাথে টোটাল গ্যাসের আলোচনা চলছিলো। আলোচনার এক পর্যায়ে পেট্রোবাংলা শেয়ার বিক্রি করার বিষয়টি মেনে নিবে কি না--তা জানতে টোটালের একজন কর্মকর্তা ঢাকা সফর করেন। তিনি জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এবং পেট্রোবাংলার চেয়ারম্যানসহ পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, টোটাল শেয়ার কেনার সাথে সাথে সুনিদির্ষ্ট অনুসন্ধান কর্মসূচি দাখিল এবং সত্যিকার অর্থে কাজ শুরু করলে বিক্রির বিষয়টি কোনো বাধা হয়ে দাঁড়াবে না।
কয়েক মাস আগে টালোর কেন্দ্রীয় দফতর ডাবলিনে টোটালের কাছে ৬০ শতাংশ শেয়ার বিক্রি করার বিষয়টি চূড়ান্ত করা হয়। এই বিক্রির কারণে এখন ১৭ ও ১৮ নং ব্লকে টোটাল ৬০ শতাংশ, টালো ৩২ শতাংশ এবং রেক্সউড আট শতাংশ শেয়ারের মালিক। তবে টালো ব্লক দু’টির অপারেটর।
টালোর এক উপস্থাপনা থেকে জানা যায়, ১৮ নং ব্লকের সেন্টমার্টিন্স দ্বীপের কাছে তারা তেলের অস্তিত্বের সন্ধান পেয়েছে। ইতোমধ্যে টালো ব্লকটিতে সাইসমিক সার্ভের কাজ শুরু করেছে।
টালো ওই দু’টি ব্লক ছাড়াও বাংলাদেশের ৯ নং ব্লকের ৩০ শতাংশ শেয়ারের মালিক। এখানে ভাঙ্গুরায় একটি আবিষ্কার হয়েছে। এই কূপ থেকে তারা আগামী এক মাসের মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে। একই সাথে ভাঙ্গুরায় আরো দু’টি অ্যাপ্রাইজাল কূপ খননের প্রস্তুতি শুরু হয়েছে।
