মায়ানমারে ওষুধ বাজার সম্প্রসারণে বেক্সিমকো ফার্মার উদ্যোগ
বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক স্বল্পোন্নত দেশগুলোকে প্রদত্ত ২০১৬ সাল পর্যন্ত বাণিজ্য সংক্রান্ত মেধাসত্ত্ব আইন (ট্রিপস) প্রদত্ত সুবিধা কাজে লাগানোর লক্ষ্য নিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস মায়ানমারে তিনদিন ব্যাপী ‘ওষুধ পণ্য প্রদর্শনী’ তে অংশগ্রহণ করেছে।
পঞ্চাশটি স্বল্পোন্নত দেশ ব্যতীত ট্রিপসে স্বাক্ষরকারী সব দেশই পেটেন্ট ওষুধ পণ্য আইনের বাস্তবায়ন করায় এসব দেশের ওষুধ কোম্পানিগুলোর মায়ানমারের মত স্বল্পোন্নত দেশে প্রচুর পরিমাণে ওষুধ রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। মায়ানমারের রাজধানী ইয়াংগুনের হোটেল সেডোনায় অনুষ্ঠিত তিন দিন ব্যাপি এ মেলা উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী নাজমুল হাসান এ কথা বলেন।
চিকিৎসক, ক্রেতা ও পরিবেশকদেরকে নতুন নতুন ওষুধের সাথে পরিচিত করে তুলতে মেলায় বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়েছিল।
এ ধরনের দুইটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে নাজমুল হাসান আরো বলেন, ডব্লিউটিও আইনের মাধ্যমে বেক্সিমকো ফার্মার মত স্বল্পোন্নত দেশের বড় বড় কোম্পানিগুলো যাদের গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত আলাদা ইউনিট রয়েছে তাদের ব্যবসায় ভাল করার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি মায়ানমারের মত ৯০ শতাংশ ওষুধ আমদানি নির্ভর দেশগুলোর উপর ডব্লিউটিও / ট্রিপস এর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং বলেন, বাংলাদেশ মায়ানমারের জন্য পেটেন্ট ওষুধের এক বড় উৎস হতে পারে।
ট্রিপসের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, স্বল্পোন্নত দেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি হিসেবে বেক্সিমকো ফার্মা আইনগতভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পেটেন্ট ওষুধ প্রস্তুত করতে পারে এবং অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি অন্যান্য স্বল্পোন্নত দেশ এবং বিশ্ব বাণিজ্য সংস্থার বহির্ভূত দেশ সমূহে এ ওষুধ বিক্রয় করতে পারে।
যদি মায়ানমারের কোন ওষূধ প্র¯ু—তকারক ওষুধ উৎপাদনে আগ্রহী হয় তবে বেক্সিমকো ফার্মা প্রযুক্তি হস্তান্তর করতে আগ্রহী বলে তিনি জানান।
বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা কোম্পানির তথা বাংলাদেশ ওষুধ শিল্পের উৎপাদন, বিদেশে রেজিস্ট্রেশন ও বিপণন ক্ষমতার উপর জোর দেওয়ার পাশাপাশি পণ্যের মান, প্যাকেজিং ও উপস্থাপনের উপরও গুরুত্বারোপ করেন।
মায়ানমারে অনুষ্ঠিত তিনদিনের মেলায় বেক্সিমকো ফার্মার প্রদর্শিত উচ্চ প্রযুক্তিসম্পন্ন ওষুধ সামগ্রীর ব্যাপারে মায়ানমারের সরকারি কর্মকর্তা, ওষুধ বাজার নিয়ন্ত্রনকারী, স্বাস্থ্যসেবায় নিযুক্ত পেশাজীবী, বিতরণকারী প্রতিষ্ঠান ও ফার্মাসিস্টরা আগ্রহ প্রকাশ করেন।
বেক্সিমকো ফার্মা ১৯৯৭ সালে মায়ানমারে এর কার্যক্রম শুরু করে এবং বর্তমানে সে দেশের ওষুধ বাজারে এটি অনেক বড় রপ্তানিকারক কোম্পানী। বেক্সিমকো ফার্মার ওষুধের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে কোম্পানির বিক্রয় ও বিপণন কর্মীরা মায়ানমারে বিভিন্ন বিপণন ও প্রসার কার্যক্রম চালাচ্ছে।
কোম্পানিটি মায়ানমারে পেটেন্ট ও পেটেন্টহীন সব ধরনের ওষুধ সরবরাহে প্রস্তুত এবং আরো নতুন নতুন কার্যকর ওষুধ রপ্তানির জন্য আবেদন করছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি ও মায়ানমারে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এই মেলার আয়োজন করে। মার্চের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত তিনদিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন মায়ানমারের বাণিজ্যমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল টিন নেইং থীন ও মায়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত খায়রুজ্জামান।
