২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের জন্যে প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও দুর্নীতি দমনের উদ্যোগ: বিশ্বব্যাংক

সফররত বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক ধনেন্দ্র কুমার বলেছেন, একটি দেশের স্বাভাবিক উন্নয়নের জন্যে শান্তি, স্থিতিশীলতা, দুর্নীতি দমনের উদ্যোগ এবং সুশাসন অপরিহার্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 05:51 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

তিনি দারিদ্র্য ও অবকাঠামোগত বাধা থাকা সত্ত্বেও সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্যের প্রশংসা করেন।

সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ধনেন্দ্র কুমার এ কথা বলেন।

সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং গড় আয়ু বৃদ্ধি, মা ও শিশু মৃত্যুর হার হ্রাস, নারী শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি এবং পানীয় জলের সহজলভ্যতার মতো মানব সম্পদ উন্নয়ন কার্যক্রমে অগ্রগতি দেখে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বাংলাদেশের প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন যা করছে তারা এর থেকেও ভাল কিছু করতে পারে।

বিশ্বব্যাংক বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ধনেন্দ্র কুমার সাংবাদিকদের বলেন, দারিদ্র্য ও অন্যান্য সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশে সফলতারও অনেত চিত্র রয়েছে। বাংলাদেশে উন্নয়ন কার্যক্রম দেখে আমি ভীষণ আনন্দিত।

ধনেন্দ্র বলেন, বাংলাদেশ একটি চমৎকার দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) প্রণয়ন করেছে। বিশ্বব্যাংকসহ সকল সম্প্রদায় এটির প্রশংসা করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন পিআরএসপি’র কার্যক্রম অব্যাহত রাখা উচিত।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক ইস্যু নিয়ে বিশ্বব্যাংক উদ্বিগ্ন নয়। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই তারা কাজ করে থাকেন।