২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে শুরু হচ্ছে ২ সপ্তাহ ব্যাপী আসবাবপত্র প্রদর্শনী

মিরপুরে বুধবার শুরু হচ্ছে দুই সপ্তাহ ব্যাপী আসবাবপত্র প্রদর্শনী ২০০৬। স্থানীয়ভাবে তৈরি আসবাবপত্র জনপ্রিয় করে তোলা এবং গৃহ ও অফিসের জন্যে আমদানী করা আসবাব কেনার প্রবণতা বন্ধের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ আসবাবপত্র শিল্প মালিক সমিতি (বিএফআইওএ) সূত্র জানায়, ২০ বিলিয়ন টাকার আসবাবপত্রের অভ্যন্তরীণ বাজারের চার ভাগের তিন ভাগ স্থান দখল করে আছে স্থানীয়ভাবে তৈরি আসবাবপত্র। কিন্তু তারা আশংকা প্রকাশ করেন, বছর শেষে আসবাবপত্র আমদানির পরিমাণ পাঁচ বিলিয়ন টাকায় পৌঁছানোর কারণে এটি কমে যেতে পারে।

দেশের সর্ববৃহৎ আসবাবপত্রের বাজার মিরপুরের বেগম রোকেয়া সরণীতে ১৫ মার্চ পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

মোট ১১০টি শো-রুমে প্রক্রিয়াজাত কাঠ, লেমিনেটেড বোর্ড, লোহা, প্লাস্টিক, বাঁশ এবং বেতের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র প্রদর্শন করা হবে।

হোটেল পূর্বাণীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএফআইওএ’র মিরপুর জোনের সভাপতি সেলিম এইচ রহমান বলেন, প্রদর্শনীতে ১৫ ভাগ পর্যন্ত মূল্য হ্রাস সুবিধাসহ বিক্রোয়ত্তর এক বছরের সেবা ও ঢাকা মহানগরীর ভেতরে গ্রাহকদের বিনা মূল্যে সরবরাহ সুবিধা দেওয়া হবে।

ক্যাটালিস্টের সহায়তায় বিএফআইওএ এই মেলার আয়োজন করছে।

বিএফআইওএ সভাপতি কেএম আখতারুজ্জামান বলেন, আমরা গুণগত মানসম্পন্ন আসবাবপত্র তৈরি করছি, আমাদের মধ্যে অনেকে ভারত, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় রপ্তানি করতে সক্ষম হয়েছে। আমদানিকৃত আসবাবপত্রের সাথে গুণ ও মূল্য বিচারে আমরা প্রতিযোগিতা করতে পারি, এটি দেখানোর জন্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ক্যাটালিস্টের বিজনেজ কনসালট্যান্ট নুসরাত নাহিদ আসবাবপত্র উৎপাদনকারীদের ২০০৪ সাল থেকে কৌশলগত সহযোগিতা দেওয়ার কথা উল্লেখ করে বলেন, আসবাবপত্র উৎপাদনকারীদের কেন্দ্রস্থল বিবেচনা করে মিরপুরে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, বর্তমানে আসবাবপত্র উৎপাদন শিল্পে প্রায় পাঁচ হাজার বিনিয়োগকারী নিয়োজিত রয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পে প্রায় ১০ লক্ষ লোক কর্মরত আছে।