২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সংকটের কারণে দিনে ১১ ঘন্টা বন্ধ থাকছে ওয়াসার কার্যক্রম

বিদ্যুৎ সংকটের কারণে পানি উত্তোলনের কাজে ব্যবহৃত ঢাকা ওয়াসার ৪২১টি পানির পাম্প প্রতিদিন গড়ে ১১ ঘন্টা করে বন্ধ রাখতে হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ঢাকা ওয়াসার একজন কর্মকর্তা রোববার বিডিনিউজকে জানান, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মিন্টু রোড (মন্ত্রী পাড়া), ইস্কাটন, সিদ্ধেশ্বরী রোড় এবং মতিঝিলের কিছু অংশ বাদে রাজধানী জুড়ে এখন পানি সংকট চলছে।

২২ ফেব্রুয়ারি ৮০টি পাম্পে ২১৭ ঘন্টা পানি উত্তোলনের কাজ বন্ধ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের পক্ষে নগরবাসীর পানি চাহিদা মেটানো কঠিন হয়ে পড়বে।

ঢাকা ওয়াসার অপর একজন কর্মকর্তা বলেন, বিদ্যুৎ সংকটের প্রভাব বহুমুখী। কোনও একটি পাম্প যদি একবার বন্ধ হয় তাহলে তা চালু করতে তিন ঘন্টা সময় লাগে।

ঢাকা মহানগরীতে পানির চাহিদা প্রতিদিন দুই বিলিয়ন লিটার। কিন্তু সরবরাহের পরিমাণ এক দশমিক পাঁচ থেকে এক দশমিক ছয় বিলিয়ন লিটার। বর্তমানে ঢাকা ওয়াসার পানি উত্তোলন ক্ষমতা প্রতিদিন এক দশমিক ৭৩ বিলিয়ন লিটার।

ওই কর্মকর্তা বলেন, বিদ্যুৎ সংকটের কারণে ওয়াসা তার পূর্ণাঙ্গ উত্তোলন ক্ষমতা ব্যবহার করতে পারে না।

নগরবাসীর জন্যে পানি সরবরাহের ক্ষেত্রে ঢাকা ওয়াসার বর্তমানে ৪২১টি গভীর নলকূপ, চারটি পানি শোধনাগার এবং ২২টি ভ্রাম্যমাণ গাড়ি রয়েছে।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) এবং ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ডেসকো) জানায়, ঢাকায় এখন বিদ্যুতের ঘাটতি ৫৫০ মেগাওয়াট।