মুরগি, গরুর মাংস, গুঁড়ো দুধ ও সরু চালের দাম বেড়েছে
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ঢাকার খুচরা বাজারে ব্রয়লার মুরগি, গরুর মাংস, গুঁড়ো দুধসহ শিশু খাদ্য এবং সরু ও ভালো চালের দাম বেড়েছে।
এক কেজি ব্রয়লার মুরগির দাম পাঁচ টাকা বেড়ে খুচরা বাজারে এখন ৮০ টাকা এবং ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে ৯২ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসেরও দাম বেড়েছে।
ফার্মগেটের সেন্টার মার লি: ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজার ডব্লিউআই মঈজ জানান, পোলট্রি ফার্মের মালিকরা পাশ্ববর্তী দেশ ভারতে বার্ড ফ্লু সংক্রমিত হওয়ার খবরে ভীত হয়ে ভবিষ্যতে তাদের ব্যবসার ওপর বড় আঘাত আসতে পারে ভেবে মুরগির দাম বাড়িয়ে দিয়েছে।
গত সপ্তাহে পাইকারি চালের বাজারে মিনিকেটের দাম ছিল প্রতি কেজি সাড়ে ২৭ টাকা, তবে শুক্রবার তা বিক্রি হয়েছে ২৮ টাকায়।
এছাড়া চিনি, মসুরের ডাল, সয়াবিন, পেঁয়াজ এবং সবজি’র দাম অপরিবর্তিত রয়েছে।
নাসরিন নামে এক বিক্রেতা বলেন, আমরা দু’সপ্তাহ আগে শিশুখাদ্য ১৯০ টাকার জায়গায় ১৫০ টাকায় বিক্রি করেছি।
তিনি জানান, বেশিরভাগ গুঁড়ো দুধের দাম ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। এক কেজির ডিপ্লোমা গুঁড়ো দুধের প্যাকেট গত সপ্তাহে ২৯০ টাকায় বিক্রি হয়েছে যা এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০৫ টাকায়।
কারওয়ান বাজারের এনামুল হক নামের একজন কসাই জানান, ভারত থেকে সরবরাহ কমে যাওয়ায় গরুর মাংসের দাম কেজি প্রতি ১০টাকা হারে বেড়েছে।
বরিশাল রাইস- এর মালিক আইয়ুব আলী শুক্রবার জানান, প্রায় সব ধরণের চালের দামই গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ৫০ টাকা হারে বেড়েছে।
সবজি’র বাজারে এক কেজি সিমের দাম ১০ থেকে ১৪ টাকা, বেগুন ১৪-১৬ টাকা, ঢেড়স ২০ টাকা, করলা ২৪-২৮ টাকায় এবং কাঁচা মরিচ ২০ টাকায় বিক্রি হচ্ছে।
একটি মাঝারি আকৃতির ফুলকপি ১৫ টাকা এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে ১০ টাকায়।
খুচরা বিক্রেতারা জানান, এক কেজি পেঁয়াজ ১৪ থেকে ১৬ টাকায় বিক্রি করা হচ্ছে।
পাঁচ লিটার পরিমাণ সয়াবিনের বোতল ২৬৮ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের পাইকারি সয়াবিন তেল বিক্রেতা মুক্তার হোসেন জিয়া জানান, এ সপ্তাহে তেলের দাম অপরিবর্তিত থাকবে তবে আগামী সপ্তাহে তা বাড়তেও পারে।
