২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মের প্রতিবাদে র‌্যাডিসন হোটেলের কর্মকর্তা-কর্মচারিদের অনির্দিষ্টকালের ধর্মঘট

দেশের নতুন পাঁচতারা হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেন চালু হওয়ার মাত্র ১৮ দিনের মাথায় এর কর্তকর্তা-কর্মচারিরা কর্তৃপক্ষের অনিয়মের প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সূত্র জানায়, অভ্যর্থনা বিভাগের মোট ৫২ জন কর্মকর্তা-কর্মচারির মধ্যে ৪০ জন এ ধর্মঘটে অংশ নেয়।

সূত্র আরও জানায়, র‌্যাডিসনের সাতজন অস্ট্রেলীয় কর্মকর্তা ১৪টি কক্ষ দখল করে আছেন। এতে প্রতিমাসে হোটেলের ৬০ হাজার মার্কিল ডলার লোকসান হচ্ছে।

এছাড়াও তাদের খাবার ও অন্যান্য খরচ বাবদ হোটেলের অতিরিক্ত এক লাখ টাকা ব্যয় হচ্ছে বলে সূত্র জানায়।

হোটেলের অভ্যর্থনা বিভাগের ব্যবস্থাপক শাফকাতের সাথে যোগাযোগ করা হলে তিনি ধর্মঘটের ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি।

তবে জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক বলেন, এটি গুজব। হোটেল ঠিকমতোই চলছে।

তিনি বলেন, রিজার্ভেশন অ্যান্ড রিলেশন কর্মকর্তাসহ হোটেলের অভ্যর্থনা বিভাগের তিন থেকে চার জন কমকর্তা-কর্মচারি অসুস্থ হয়ে পড়েন এবং বুধবার পর্যন্ত তারা কাজে যোগ দেননি। শুক্রবার তারা কাজে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।

তিনি বিডিনিউজকে বলেন, অনুপস্থিতদের একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এবং অপর একজন জ্বরে ভুগছেন।

আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ১১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করার পর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন গ্রাহকদের কাছ থেকে বেশ সাড়া পেতে থাকে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৫ ফেব্রুয়ারি এ হোটেলটি আনুষ্ঠিনিকভাবে উদ্বোধন করেন।

বিশ্বের নামকরা হোটেল পরিচালনাকারীদের অন্যতম র‌্যাডিসন হোটেল অ্যান্ড রিসোর্ট। এটি বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ৬১ টি দেশে ৪৩৫ টি হোটেল পরিচালনা করছে।

বাংলাদেশে সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের (এসএইচডিএল) মালিকানাধীন এবং কার্লসন হোটেলস এশিয়া প্যাসিফিকের পরিচালনাধীন আটতলা বিশিষ্ট এ হোটেলটিতে পাঁচটি স্যুটসহ ২০৬টি কক্ষ রয়েছে।