২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও টাটা গ্রুপ বিনিয়োগের চূড়ান্ত প্রস্তাব পেশ করতে পারেনি

গ্যাসের মূল্য বিষয়ে চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার ব্যাপারে দু’সপ্তাহের সময়সীমা বুধবার পেরিয়ে গেলেও ভারতীয় টাটা গ্রুপ এ প্রস্তাব পেশ করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান বুধবার বিডিনিউজকে জানান, মন্ত্রী পর্যায়ে প্যাকেজ আকারে টাটার চূড়ান্ত প্রস্তাব পাঠানোর ব্যাপারে তার কার্যালয়কে এখনও কিছু জানানো হয়নি।

তিনি বলেন, এ নিয়ে অবশ্য আমাদের মাথাব্যথাও নেই। টাটা কত সময় নেবে, এটি তাদের ব্যাপার।

জ্বালানি উপদেষ্টা বুধবার বলেন, এর আগে ৮ জানুয়ারি ভারতের বৃহৎ এ শিল্প গ্রুপের সাথে সরকারের চতুর্থ ও শেষ দফা আলোচনা গ্যাসের মূল্য নিয়ে কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

জ্বালানি উপদেষ্টা অবশ্য আশা প্রকাশ করেন, খুব শিগগিরই টাটা তার প্রস্তাব জমা দেবে এবং বাংলাদেশে ভারতের শিল্প গ্রুপটির ২ দশমিক ৫ বিলিয়ন ইউএস ডলারের প্রকল্পে গ্যাস সরবরাহের মূল্য বিষয়ে সরকারও একটি সিদ্ধান্তে আসতে পারবে।

টাটা তার সর্বশেষ প্রস্তাবে ২০ বছর সরবরাহের নিরাপত্তা-নিশ্চয়তাসহ প্রতি হাজার কিউবিক ফিট গ্যাসের (এমসিএফ) মূল্য বাবদ ১ দশমিক ৫ ডলার দেওয়ার কথা উল্লেখ করে। এদিকে সরবরাহ নিরাপত্তা-নিশ্চয়তা ছাড়াই বাংলাদেশ সরকার প্রতি এমসিএফ গ্যাসের মূল্য দুই ডলারের বেশি দাবি করে। আর নিরাপত্তা-নিরাপত্তাসহ প্রতি এমসিএফ গ্যাসের মূল্য দাঁড়াতে পারে ৩ দশমিক ৫ ডলার।