২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি’র স্বায়ত্বশাসন ও বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ বিধির কথা বললেন বিদায়ী চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বিদায়ী চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম কমিশনের বৃহত্তর স্বায়ত্তশাসন, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ প্রদানে আইনী ধারার প্রবর্তন ও কোম্পানি অ্যাক্ট কার্যকরের ক্ষমতা নিশ্চিতকরণের ওপর জোর দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

এসইসির চেয়ারম্যান হিসেবে বুধবার শেষ বারের মত অফিস করেন তিনি। শেষ কর্মদিবস উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজারে অগ্রগতি আনতে আমরা বিভিন্ন নিয়ন্ত্রণ সংক্রান্ত পরিবর্তন এনেছি। তবে আরো বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা জরুরি।

এসইসি’র পঞ্চম চেয়ারম্যান হিসেবে মির্জা আজিজুল ইসলাম ২০০৩ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন। ২২ ফেব্রুয়ারি বুধবার তার মেয়াদ শেষ হয়। তার স্থলে নতুন কাউকে এখন পর্যন্ত মনোনয়ন না দেওয়ায় ২৩ ফেব্রুয়ারি থেকে এসইসি’র চেয়ারম্যানের পদ শূন্য থাকবে।

বিদায়ী চেয়ারম্যান তার বক্তৃতায় ১৯৬৯ এসইসি অধ্যাদেশে সংশোধনী আনার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, তালিকাচ্যুত কোম্পানির শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত কোন আইনী ধারা এ অধ্যাদেশে নেই।

মন্ত্রণালয়ের তহবিলের ওপর কমিশনের নির্ভরশীলতা সম্পর্কে তিনি বলেন, স্বায়ত্তশাসনের জন্য এসইসি’র আর্থিক স্বাধীনতা থাকা জরুরি। এ বিষয়ে আমরা মন্ত্রণালয়কে ইতোমধ্যে অবহিত করেছি।

মির্জা আজিজুল ইসলাম বলেন, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের প্রয়োজনীয় দক্ষতা না থাকায় এবং লোকবলের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ না হওয়ায় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের নির্দিষ্ট কিছু কাজ করার জন্য এসইসিকে কর্তৃত্ব দেয়া উচিত।

তিনি বলেন, নিরাপত্তা সংক্রান্ত মামলাগুলোর বিচার করার ক্ষেত্রে হাইকোর্টে একটি বিশেষ শাখা প্রতিষ্ঠার প্রস্তাব আমরা উত্থাপন করেছি।

তিনি আরো বলেন, ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও ফাঁকিবাজ কোম্পানির দেনাপাওনা পরিশোধের ব্যাপারে কমিশন অধ্যাদেশে ধারা সংযোজন করা প্রয়োজন।