‘০৫-০৬ অর্থবছরে সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে বলে এডিবির আশাবাদ
তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও ২০০৫-’০৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশে উন্নীত হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ আশাবাদ ব্যক্ত করেছে।
সোমবার প্রকাশিত এডিবির ২০০৫ সালের ডিসেম্বরের ত্রৈমাসিক অর্থনৈতিক আপডেটে বলা হয়, কৃষি খাতের অবস্থার উন্নয়নের সাথে সাথে শিল্প ও সেবা খাত প্রসারের কারণে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি আরো শক্তিশালী হবে।
এডিবির রিপোর্টে বলা হয়েছে, কাঁচামাল, যন্ত্রপাতি ও শিল্প খাতের যন্ত্রপাতির (ক্যাপিটাল গুডস) আমদানি বৃদ্ধি পাওয়ায় শিল্প খাতে প্রবৃদ্ধি ২০০৫-‘০৬ অর্থবছর জুড়েই চলতে থাকবে।
এতে বলা হয়, জিডিপির প্রবৃদ্ধি ২০০৫-‘০৬ অর্থবছরে সাড়ে ছয় শতাংশের স্তরে গিয়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ২০০৪-‘০৫ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল পাঁচ দশমিক ছয় শতাংশ।
রিপোর্টে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মুদ্রাস্ফিতির প্রবণতা বৃদ্ধি দেখা গেলেও বাস্তবে পরিস্থিতি ততটা উদ্বেগজনক নয়। প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স প্রেরণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য (ব্যালেন্স অব পেমেন্ট) সংকটজনক অবস্থা এড়িয়ে চলতে সক্ষম হয়েছে।
এডিবি বলেছে, ২০০৫-‘০৬ অর্থবছরে তেল আমদানির জন্যে সরকারের ২,০০০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। এর আগের বছরে ১,৬০২ মিলিয়ন মার্কিন ডলার তেল আমদানিতে ব্যয় করা হয়েছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লোকসানের পরিমাণ বেশি থাকবে বলে উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও ভর্তুকির পরিমাণ এখন খুব বেশিই রয়েছে। জিডিপির দশমিক আট শতাংশ বা ৫২০ মিলিয়ন মার্কিন ডলার ভর্তুকি দেওয়া হবে।
চলতি অর্থবছরে বিপিসি ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার লোকসান দেবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দিউ বলেন, তেলের উপর ভর্তুকির পরিমাণ না কমানো হলে বাজেটে উল্লেখিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের জন্যে কঠিন হয়ে যাবে।
তিনি বলেন, বাংলাদেশ তার প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
ব্যাংকের শীর্ষ অর্থনীতিবিদ রেজাউল করিম খান হালনাগাদের (আপডেট) বিস্তারিত বিষয়াদি উপস্থাপন করেন। ব্যাংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
এডিবির রিপোর্টে বলা হয়েছে, ২০০৫ সালের জানুয়ারি মাসে কোটা পদ্ধতি বিলীন হয়ে যাওয়ার পর থেকে দেশের পোশাক ও টেক্সটাইল খাত যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছে, তার ফলে রপ্তানি খাতে মধ্যম পর্যায়ের প্রবৃদ্ধি দেখা দেবে।
রিপোর্টে বলা হয়, ২০০৫-‘০৬ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে রপ্তানি পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। অবশ্য ওভেন পোশাকের রপ্তানি মাত্র এক দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এডিবির ত্রৈমাসিক রিপোর্টে বলা হয়, চলতি বছরের জুলাই-নভেম্বর সময়ে আমদানির প্রবৃদ্ধি কমে গিয়ে ১১ শতাংশে দাঁড়িয়েছে। অথচ ২০০৪-‘০৫ অর্থবছরের এই সময়ে আমদানি প্রবৃদ্ধি ছিল ২৩ শতাংশ।
এতে আরো বলা হয়, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার চেয়ে ধীর গতিতে রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে।
