আমদানিতে বড় ধরনের পতন: চিনি সংকটের আরও অবনতির আশঙ্কা
দেশীয় উৎপাদন হার হ্রাস ও আমদানি খাতে বড় ধরনের ধসের কারণে দেশে চিনি সংকট আরও মারাত্মক আকার ধারণ করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় কম মজুদ, বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণের অভাব এবং আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার ফলে দেশে চিনির দাম বাড়ছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) পরিচালক (বাণিজ্যিক) আ ফ বদরুদ্দোজা বিডিনিউজকে বলেন, চলতি অর্থবছরে তুলনামূলকভাবে অত্যন্ত কম চিনি আমদানি হয়েছে।
তিনি বলেন, ২০০৫ সালের জুলাই থেকে ২০০৬ সালে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র দুই লাখ ৫৩ হাজার ৫৫০ মেট্রিক টন চিনি আমদানি করা হয়। আগের অর্থবছরে ঠিক একই সময়ের মধ্যে আমদানি করা হয়েছিল ছয় লাখ ৫০ হাজার মেট্রিক টন। চলতি অর্থবছরের আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬১ শতাংশ কম।
তিনি আরও বলেন, চিনির বাজারে শিগগিরই সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছি। এখনি তা না করা হলে পরিস্থিত আরও খারাপ হবে।
চিনির বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার ইতোমধ্যে চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান।
বিএসএফআইসি’র অপর একটি সূত্র জানায়, আভ্যন্তরীণ চাহিদা মেটাতে বছরে ১২ থেকে ১৪ লাখ মেট্রিক টন চিনির প্রয়োজন হয়। এর মধ্যে দুই লাখ মেট্রিক টন শিল্পখাতে ব্যবহৃত হয় এবং বাকিটুকু সারাদেশের চাহিদা মেটায়।
স্বাধীনতার পর থেকে দেশে চিনির গড় উৎপাদনের পরিমাণ বছরে দেড় লাখ মেট্রিক টন হলেও এবছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ১০ হাজার মে.টন কমিয়ে দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফআইসি’র এক কর্মকর্তা জানান, বেসরকারি খাতের জন্য চিনি আমদানি উন্মুক্ত থাকলেও চিনির আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্য ও বৈদেশিক মুদ্রার ঘটতির কারণে আমদানিকারকদের পক্ষ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া যায়নি।
টিকে গ্রুপ এবং আবুল খায়ের গ্রুপের মতো গুটিকয় কোম্পানি চিনি আমদানি করছে।
ফেব্রুয়ারির মধ্যে মোট তিন পর্যায়ে টিকে গ্রুপ ১৮ হাজার মে.টন চিনি আমদানি করে।
দুই মাস আগেও চিনির কেজি ছিল ৪০ টাকা। দু মাসে দাম বেড়ে ৬০ টাকা হয়ে যাওয়ায় সরকার গুরুতর সমালোচনার মুখে পড়েছে।
