ব্যাংকিং খাতে ব্যাসেল-২ বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের কমিটি গঠন
ব্যাসেল-২ এর সাথে সামঞ্জস্য রেখে বিশ্বমানের ঝুঁকি ব্যবস্থাপনা তৈরিতে ব্যাংকিং খাতের বাধ্যবাধকতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক দু’টি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ব্যাসেল-২ হচ্ছে সুইজারল্যান্ডের ব্যাসেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠক। এতে অংশগ্রহণকারীরা ব্যাংকিং নীতিমালায় ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্বব্যাপী অভিন্ন উপায় নিশ্চিত করতে সম্মত হন।
ডেপুটি গভর্নর মোহাম্মদ রুমি আলীকে প্রধান করে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান খানকে প্রধান করে গঠিত সমন্বয় কমিটির কর্মকাণ্ড তদারকি করবে। এছাড়া ঋণ ঝুঁকি, পরিচালনা ঝুঁকি ও বাজার ঝুঁকি- এ তিনটি ক্ষেত্রে কাজ করবে তিনটি বাস্তবায়ন উপ-কমিটি।
বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বিডিনিউজকে জানান, এ তিনটি ক্ষেত্রের ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে তার পুঁজি ব্যাসেল-২ এর সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের বাধ্যবাধকতা নিশ্চিত করতে কোনও সময়সীমা বেঁধে দেয়নি। কমিটিগুলোর যৌথ বৈঠক শেষে নীতিমালা বাস্তবায়নের ব্যাপারে একটি রোডম্যাপ তৈরি করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে আমরা এখন ব্যাংকারদের জন্যে প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন করছি।
বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও ‘সমস্যাপূর্ণ’ ব্যাংক ছাড়া বেশিরভাগ ব্যাংকই ব্যাসেল-২ মানের বাধ্যবাধতা মেনে চলতে সক্ষম হবে।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো যখন ব্যাসেলের মান বজায় রেখে কাজ শুরু করবে তখন প্রাথমিকভাবে তাদের অবস্থান (রেটিং) নিচে নেমে আসবে। তবে পর্যায়ক্রমে অবস্থানের উন্নতি হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ব্যাসেল-২ মান বজায় রেখে কাজ শুরুর পর ব্যাংকের পুঁজি পর্যাপ্ততার চাহিদা বৃদ্ধি পাবে এবং ঋণগ্রহীতাদের ঋণ প্রদানের বিষয়টি নমনীয় হবে।
