২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় প্রশান্ত মহাসাগরীয় বাজারে শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ

এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট বাজার, শুল্কবহির্ভূত বাধা ও সরাসরি জাহাজ যোগাযোগের অভাবে দেশের রপ্তানিকারকরা ওই অঞ্চলের দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা নিতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

সাজ্জাদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তারা ব্যর্থতার জন্যে অপেক্ষাকৃত কম চাহিদাসম্পন্ন পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়াটাকেও দায়ী করেন।

বাংলাদেশ বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও দক্ষিণ কোরিয়া থেকে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা পেয়েছে।

বাংলাদেশ প্রস্তুত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতির সভাপতি টিপু সুলতান বিডিনিউজকে বলেন, থাইল্যান্ডের ফুটওয়্যার বাজার খুবই ছোট। কোন রপ্তানিকারক সে দেশে শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা করতে যাবে না।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস প্রেসিডেন্ট মীর শাহবুদ্দিন বলেন, থাইল্যান্ডের বাজারে রপ্তানির সুযোগ বের করতে বাংলাদেশের উচ্চক্ষমতাসম্পন্ন একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সোমবার থাইল্যান্ড যাচ্ছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চীন ৮৩টি পণ্য, দক্ষিণ কোরিয়া ১৩৯টি, থাইল্যান্ড দুইশ’রও বেশি, পাকিস্তান ৭৪টি, শ্রীলংকা ৪৮টি এবং ভারত ২৫টি বাংলাদেশী পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দিয়ে থাকে।

অস্ট্রেলিয়া ২০০৩ সালের ১ জুলাই থেকে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে। অবশ্য এলডিসিভুক্ত দেশগুলো অস্ট্রেলিয়ার মোট আমদানির মাত্র দশমিক দুই শতাংশের যোগান দিয়ে থাকে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান মতে, বাংলাদেশ ২০০৪-২০০৫ অর্থবছরে অস্ট্রেলিয়ায় ৩৫ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে। আর অস্ট্রেলিয়া থেকে আমদানি করে ২৮০ দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

থাইল্যান্ডে বাংলাদেশের রপ্তানি ১৯৯৯-২০০০ অর্থবছরের ৪৫ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ২০০৪-২০০৫ অর্থবছরে ৩৫ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। অপরদিকে থাইল্যান্ড থেকে বাংলাদেশের আমদানি ১৯৯৯-২০০০ অর্থবছরের ১৫৩ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে গিয়ে ২০০৪-২০০৫ অর্থবছরে ৩২৭ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।

২০০২ ও ২০০৪ সালে থাইল্যান্ড দুই পর্যায়ে ২২৯টি পণ্যের ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেয়।

মীর শাহবুদ্দিন বিডিনিউজকে আরও বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানির পরিমান কম হওয়ার ক্ষেত্রে দেশটির কঠোর রুলস অব অরিজিন, ছোট বাজার ও শুল্কবহির্ভূত বাধা প্রধান প্রধান কারণ।

অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০০৩-২০০৪ অর্থবছরের ১৮৭ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০০৪-২০০৫ অর্থবছরে ২৪৪ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে।

মীর শাহবুদ্দিন বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানির পরিমান বৃদ্ধি করতে রুলস অব অরিজিন শিথিল করতে বাংলাদেশ সরকার অস্ট্রেলীয় সরকারকে অনুরোধ জানালেও এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেয়া হয়নি।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের চামড়া, সকল প্রকারের চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ, চিংড়ি, ঝুড়ি, মৃৎশিল্প, ওয়ালহ্যাংগিং, সিরামিক পণ্য, সার, ফুল এবং কৃত্রিম ফুলের খুব ভাল সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার বাজার ছোট হওয়ার কারণে দেশটিতে তৈরি পোশাক রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মত আকর্ষণীয় নয়।

ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমান ২০০৩-২০০৪ অর্থবছরের ৮৯ মিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০০৪-২০০৫ অর্থবছরে ১৪৪ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ১৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বলেন, ২০০৫-২০০৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ব্যবধান ছিল ৩৭৩ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার। আর তার পূর্ববর্তী অর্থবছরে এ ব্যবধান ছিল ১৮৮৫ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার।