মার্কিন বাজারে গার্মেন্টস রপ্তানি সাফল্য কোটামুক্ত সময়ের নেতিবাচক আশঙ্কা নস্যাৎ করেছে
কোটামুক্ত ২০০৫ সালে মার্কিন বাজারে ওভেন গার্মেন্টস রপ্তানির বৃদ্ধির সাফল্য সামগ্রিক বস্ত্র খাতের রপ্তানিতে নেতিবাচক প্রভাবে আশঙ্কাকে নস্যাৎ করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেব অনুসারে, মার্কিন বাজারে ওভেন গার্মেন্টস রপ্তানির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৭ কোটি ডলার, যা ২০০৫ সালের ১১ মাসের মোট বস্ত্র রপ্তানি প্রবৃদ্ধির ৫৩ শতাংশ।
এ সময়ে ২০০৪ সালের মোট রপ্তানি আয়ের তুলনায় ৫০৫ মিলিয়ন ডলার রপ্তানি বেড়েছে। কোটামুক্ত সময়ে ২০০৫ সালের ১১ মাসে সামগ্রিক বাজারে নেতিবাচক প্রবৃদ্ধি থাকলেও দেশের বৃহত্তম মার্কিন বাজারে একমাত্র ওভেন খাতে ২০ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে রপ্তানির আয় দাঁড়ায় ১৬৪ কোটি ডলার।
অন্যদিকে একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে নিটপণ্য ৩৩ কোটি ডলার অতিরিক্ত আয় করে। ফলে ইইউ বাজারে ওভেন খাতে নেতিবাচক প্রভাব কাটিয়ে মোট রপ্তানিতে ৩ কোটি ডলার ইতিবাচক প্রভাব রাখে। পাশাপাশি দেশের ১৫ শতাংশ নিট রপ্তানিসম্পন্ন মার্কিন বাজারে রপ্তানি বৃদ্ধি হার ছিল ৬৯ শতাংশ।
বস্ত্র রপ্তানিতে ওভেন ও নিট উভয় খাতে ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে রপ্তানি আয় দাঁড়ায় ৬৮৯ কোটি ডলার।
রপ্তানি উন্নয়ন কর্মকর্তারা জানান, ওভেন গার্মেন্টস রপ্তানির পরিমান বাড়লেও একক মূল্য হ্রাসের কারণেই ২০০৫ মোট রপ্তানি আয় ২০০৪ সালের তুলনায় প্রায় তিন মিলিয়ন ডলার হ্রাস পেয়ে দাঁড়ায় ৩৬৮ কোটি ৩০ লাখ ডলার। এ সময়ে নিট খাতে সাড়ে ২৭ শতাংশ প্রবৃদ্ধি হলেও এ হার ছিল স্বাভাবিক।
তিনি আরো জানান, মার্কিন ওভেন রপ্তানি দীর্ঘ তিন বছরের মন্দা সময়ের পর ২০০১ অর্থবছরে এ খাতের ১৮৩ কোটি ডলারের রপ্তানি ২০০৫ সালে প্রথমবারের মত অতিক্রম করে।
বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি টিপু মুন্সী বিডিনিউজকে বলেন, কোটামুক্ত ২০০৫ সালেও ওভেন গার্মেন্টস রপ্তানি একক মূল্য হ্রাস পাওয়ার কারণে প্রকৃত রপ্তানি আয় বাড়েনি। যদিও পরিমানগতভাবে রপ্তানি উলেখ্যযোগ্য পরিমান বৃদ্ধি ঘটেছে।
তিনি বলেন, চীনের ওপর কোটা আরোপের কারণে গত বছরের জুলাই থেকে বাংলাদেশের ওভেন খাতে ইতিবাচক পরিবর্তন হতে থাকে। ফলে দুটি বাজারে নিটওয়্যার রপ্তানিতে প্রবৃদ্ধির উচ্চ হার বজায় থাকে। তবে ইইউতেও ওভেন গার্মেন্টসের রপ্তানি আয় হ্রাস পায়।
তিনি ইইউসহ বিভিন্ন দেশের জিএসপি সুবিধা পুরোপুরি কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, দ্রুত প্রতিযোগীতাপূর্ণ সক্ষমতা অর্জন করতে না পারলে কোটামুক্ত সময়ের প্রকৃত চিত্র ২০০৮ সালের পর ফুটে উঠবে।
কোটামুক্ত সময়ে নিটওয়্যার রপ্তানি প্রবৃদ্ধিকে আশাব্যাঞ্জক উল্লেখ্য করে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, এ খাতে বিশ্ব নিটওয়্যার বাজারে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা সক্ষম।
তিনি বলেন, এ খাতে সকল বাজারে মোট রপ্তানি আয় উল্লেখযোগ্য পরিমান বেড়েছে।
মার্কিন বাজার সম্প্রসারণের কথা উল্লেখ করে তিনি বলেন, নিউইর্য়কে ইতোমধ্যে আমরা প্রদর্শনীর আয়োজন করেছি, আগামী আগষ্ট মাসে লাসভেগাসে বিকেএমইএ তার পণ্য প্রর্দশন করবে।
এ বছরের প্রথম থেকে কোটামুক্ত ব্যবস্থা শুরু হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইইউ চীনের যথাক্রমে ২১ টি ও ১০ টি পণ্যের ওপর কোটা আরোপ করেছে। বাংলাদেশের প্রতিযোগী দেশ চীনের তিনটি নিটওয়্যার পণ্যের ওপর ইইউ বাজারে এবং ১১টি পণ্যের ওপর মার্কিন বাজারে কোটা আরোপ করা হয়েছে। ইইউ বাজারে ২০০৭ সালের জুলাই থেকে এবং মার্কিন বাজারে ২০০৯ সালে বস্ত্র ও পোষাক শিল্পে সামগ্রিকভাবে কোটমুক্ত ব্যবস্থা চালু হবে।
