চীনা-বাংলাদেশী সস্তা স্যুট বিক্রি হচ্ছে ব্রিটেনের সুপারস্টোরগুলোতে
যুক্তরাজ্যের সুপারস্টোরগুলো ৩০ পাউন্ডের বিনিময়ে চীন ও বাংলাদেশের সস্তা শ্রমে নির্মিত কমপ্লিট স্যুট হরদম বিক্রি হচ্ছে।
সূত্র জানায়, যুক্তরাজ্যের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা টেসকো, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টের অঙ্গপ্রতিষ্ঠান এএসডিএ এবং ফ্যাশন জগতের অন্যতম নাম প্রিমার্ক এখন ৩০ থেকে ৩৫ পাউন্ডের বিনিময়ে স্যুট বিক্রি করতে শুরু করেছে। অথচ সাধারণত একটি স্যুট ক্রয় করতে কমপক্ষে ৯০ থেকে ১০০ পাউন্ড খরচ হয়।
সম্প্রতি দ্য ডেইলি মিরর এক অনুসন্ধান প্রতিবেদনে জানায়, চীন, বাংলাদেশ ও বুলগেরিয়া- এই তিন জায়গা থেকে এসব স্যুট আমদানি করা হয়।
আসডা’র একজন মুখপাত্র বিডিনিউজকে বলেন, যদিও এসব স্যুটের গাঁয়ে ‘নিউইয়র্কে তৈরি’ লেখাটি থাকে, কিন্তু এগুলো আসলে চীন কিংবা বাংলাদেশে তৈরি হয়।
যুক্তরাজ্যের বাজারে চীন জনপ্রিয় একটি নাম হলেও কোটা বিতর্কে মাঝে মধ্যে তা কূটনীতিকদের রোষাণলে পড়ে আর এ সুযোগে বাংলাদেশের মত দেশগুলো বাজারে প্রবেশ করে।
মুখপাত্রটি বলেন, আমরা প্রচুর পরিমানে আমদানি করি বলে আমরা কম দামে বিক্রি করতে পারি। এক্ষেত্রে আমরা কম লাভ করি এবং আমাদের ব্যবসা স্বাভাবিক রাখার মাধ্যম অপ্রয়োজনীয় খরচ হ্রাস করি।
তিনি বলেন, এর ফলে আমাদের ক্রেতারা সম্ভাব্য কম দামে পণ্য পেয়ে থাকে। এছাড়া পণ্যের মান অথবা উৎপাদন মানের সাথে সমঝোতা না করার বিষয়টিও ক্রেতারা নিশ্চিত হয়।
বার্মিংহামের বুল রিংয়ে অবস্থিত প্রিমার্কের একজন স্টোর ম্যানেজার বলেন, আমরা ১,৮০০টি জ্যাকেট ও ৭,০০০ জোড়া ট্রাউজার বিক্রি করেছি। যে কোন বয়স বা আকৃতির দিকটি বিবেচনায় রেখে এগুলো তৈরি করা হয়েছে। আমরা এতে খুব বেশি ফ্যাশনের প্রয়োগ ঘটাইনি। ১৮ বছর বয়সী এক কিশোর অথবা ৮৬ বছর বয়সের এক প্রৌঢ় এটি কিনতে পারে। কিশোররা এটি পরিধান করে কর্মস্থলে যেমন যেতে পারে, তেমনি একজন বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার দিতেও যেতে পারে। দীর্ঘকায় ছেলেরা এটি স্কুলে ব্যবহার করতে পারে।
