২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়ায় প্রবেশের ক্ষেত্রে তাইওয়ানি ব্যবসায়ীদের ট্রানজিট পয়েন্ট হতে পারে ভারত, বাংলাদেশ

দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতাভ্ক্তু দেশসমূহে প্রবেশের ক্ষেত্রে তাইওয়ানের ব্যবসায়ীরা ভারত ও বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সেদেশের একজন কর্মকর্তা এ মন্তব্য করেছে।

তাইওয়ানের পররাষ্ট্র বিষয়ক বিভাগের অর্থনীতি গবেষণা ইনস্টিটিউটের উপ পরিচালক উ ফু চেং বলেন, সাফটার সদস্য রাষ্ট্রগুলোতে বাণিজ্য সম্প্রসারণ করতে তাইওয়ানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কম শুল্ক বা শুল্কমুক্ত সুবিধা ভোগ করার মাধ্যমে ভারত ও বাংলাদেশে তৈরি পণ্য ব্যবহার করতে পারে।

তাইওয়ানের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিল আয়োজিত ভারত ও বাংলাদেশে বিনিয়োগ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ভারত ও বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে তাইওয়ানি ব্যবসায়ীদেরকে সহায়তা ও উৎসাহিত করতে দেশটির বৈদেশিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিল বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করে।

উ ফু চেং বলেন, তাইওয়ান যেহেতু কোনও বাণিজ্য অঞ্চলের সদস্য নয়, তাই এটি ভারত ও বাংলাদেশ হয়ে অন্যান্য দেশের বাজারগুলোতে প্রবেশ করতে পারবে।

২০০৬ সালের ১ জানুয়ারি থেকে সাফটা কার্যকর হওয়ার কথা উল্লেখ করে উ ফু চেং বলেন, দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশের মাধ্যমে তাইওয়ানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেশ সুবিধা ভোগ করবে।

তিনি বলেন, হ্রাসকৃত শুল্ক বা শুল্কমুক্ত সুবিধা ভোগ করতে তাইওয়ান অন্যান্য দেশের সাথে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিও ব্যবহার করতে পারে। আসিয়ানের সাথে ভারত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করায় তাইওয়ান ভারত হয়ে আসিয়ানভুক্ত দেশগুলোতে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে কোনঠাসা হওয়ার সম্ভাবনা এড়াতে পারে।

উ ফু চেং বলেন, আমরা চীনের প্রতি তাইওয়ানি ব্যবসায়ীদের ঝোঁক কমিয়ে আনতে ভারতকে ব্যবহার করতে পারি। ভারত ও চীন যেহেতু একে অপরের প্রতিদ্বন্দ্বি নয় তাই আমরা চীনকে একেবারে বাদ দেওয়ার জন্যে ভারতকে ব্যবহারের চেষ্টা করছি না। তবে তাদের উভয়ের সাথেই আমরা সহযোগিতা বজায় রাখছি।

তাছাড়া তাইওয়ানের ব্যবসায়ীরা ভারতে প্রবেশের ক্ষেত্রেও চীনে প্রতিষ্ঠিত তাদের স্থাপনাকে ব্যবহার করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, তাওয়ানের ব্যবসায়ীরা যেহেতু ভারতের বাজার সম্পর্কে খুব একটা পরিচিত নয়, তাই তারা সিঙ্গাপুরের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারে। কেননা সিঙ্গাপুরের সাথে তাইওয়ানের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ দিনের।

এদিকে বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশে তাইওয়ানের অর্থনীতি বিষয়ক উপমন্ত্রী শিহ ইয়েন শিয়াং এর নেতৃত্বে তাইওয়ানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল আগামী মে মাসে ভারত ও বাংলাদেশ সফরে আসতে পারেন।