২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল ব্যবহারে ব্যর্থ হয়েছে রপ্তানিকারকরা

বাংলাদেশ ব্যাংকের ১০০ মিলিয়ন ডলারের রপ্তানি উন্নয়ন তহবিল থেকে সুবিধা গ্রহণে ব্যর্থ হয়েছে দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। চাহিদা বাড়া সত্বেও কেবল অনমনীয় কিছু পদ্ধতির কারণে তারা এ বড় অংকের তহবিলের ব্যবহার করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তবে কাঁচামাল আমদানির ক্ষেত্রে উচ্চমাত্রার মূল্য সংযোজন, একক আমদানিকারকের জন্যে ন্যুনতম দশলাখ ডলারের সিলিং বেধে দেওয়ার কারণে প্রধানত তারা ১০০ মিলিয়ন ডলারের তহবিল ব্যবহার করতে পারছেন না বলে রপ্তানিকারকরা জানিয়েছেন।

সরকার ২৫ মিলিয়ন ডলার আইডিএ ঋণ নিয়ে রপ্তানিকারকদের কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ ক্রয়ের জন্যে এ তহবিল গঠন করে যাতেকরে সনাতনী রপ্তানি পণ্যের বাইরের এং উচ্চতর মূল্য সংযোজিত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি পায়।

এ স্কিমের আওতায় রপ্তানিকারককে অর্থ সহায়তা পেতে কাঁচামাল আমদানির বিপক্ষে ৩০ শতাংশ মূল্য সংযোজন নিশ্চিত করতে হয়। রপ্তানি এলসি’র মূল্য হিসেবে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট (এলআইবিওআর) এর চেয়ে ১ শতাংশ বেশি রেটে ৭০ শতাংশ অর্থায়ন করে।

একক এলসি’র জন্য বাংলাদেশ ব্যাংক ৫ লাখ ডলার দেয় এবং ইডিএফ থেকে যেকোনও একক রপ্তানিকারকের সকল এলসি’র জন্যে ১০ লাখ পর্যন্ত সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র সভাপতি টিপু মুন্সি বলেন, একক রপ্তানিকারকের জন্যে সর্বোচ্চ ১০ লাখ ডলারের এই বরাদ্দ যথেষ্ট নয়।

তিনি বলেন, একক রপ্তানিকারকের জন্যে যদি বরাদ্দ ৩০ লাখে উন্নীত করা হয় তাহলে রপ্তানি বাজার উপকৃত হবে। মূল্য সংযোজন মাত্রা কমানো এবং সিলিং বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, বিজিএমইএ বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করেছে।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, বাংলাদেশ ব্যাংককে রপ্তানিকারকদের জন্যে অর্থায়ন সুবিধা বর্তমান স্তরের চেয়ে বাড়াতে হবে।

বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক বলেন, কাঁচামালের স্বল্পতার কারণে ওভেন রপ্তানিকারকদের পক্ষে ৩০ শতাংশ মূল্য সংযোজন নিশ্চিত করা কঠিন হয়ে পরে।

তিনি বলেন, মূল্য সংযোজন মাত্রা ১৫ শতাংশে নামিয়ে আনা হলে রপ্তানিকারকরা উপকৃত হতে পারেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজকে বলেন, এটি সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত। তিনি বলেন, আমাদের হাতে তাদের চাহিদা পূরনের জন্যে পর্যাপ্ত তহবিল অব্যবহৃত থাকার পরেও তাদের এহেন দাবি অবাস্তব। বরং আমি মনে করি রপ্তানিকারকরা এ সুবিধার সঠিক ব্যবহারে ব্যর্থ হয়েছে।

সূত্র জানায়, এ তহবিল থেকে অর্থায়নের চাহিদা এ বছর পূর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। একজন কর্মকর্তা জানান, আমরা সপ্তাহে ২০০ থেকে ৩০০টি করে আবেদনপত্র পাচ্ছি যা গত বছরের চেয়ে দুই-তৃতীয়াংশ বেশি।

গত জানুয়ারি পর্যন্ত এ তহবিল থেকে ঋণ প্রদানের পরিমান দাঁড়ায় ৬৬ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারে। ৩৬টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ তহবিল বিতরণ করছে।

এর মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ৪৪ মিলিয়ন ডলার, জাতীয় বানিজ্যিক ব্যাংকগুলো ১৬ মিলিয়ন মার্কিন ডলার এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো ৭ মিলিয়ন মার্কিন ডলার বিতরণ করেছে।