সাফটা চুক্তি অনুসমর্থন করেছে পাকিস্তান
দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) চুক্তি কার্যকর হওয়ার সময়সীমার দেড় মাস পেরিয়ে যাওয়ার পর পাকিস্তান চুক্তিটি অনুসমর্থন করেছে।
সার্কভূক্ত সাতটি দেশকে নিয়ে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার উদ্দেশ্যে সাফটা চুক্তি সম্পাদিত হয়েছে।
পাকিস্তানের মন্ত্রিসভা বুধবার রাতে চুক্তিটি অনুসমর্থন করে। মন্ত্রিপরিষদে বৈঠকের পর পাকিস্তানের তথ্যমন্ত্রী শেখ রশীদ সাফটা অনুসমর্থনের বিষয়টি মিডিয়াকে জানান।
অবশ্য তিনি বলেছেন, একমাত্র কাশ্মির সমস্যার সমাধানে অগ্রগতির পর ভারতকে ‘মোস্ট ফেভারড নেশন’ বাণিজ্য মর্যাদার দেওয়ার বিষয়টি আমরা মেনে নেব।
ইসলামাবাদে ২০০৪ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত ১২তম সার্ক সম্মেলনে সাফটা চুক্তিটি সাক্ষরিত হয়। সার্ক সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য ও সহযোগিতা ত্বরান্বিত করাই এ চুক্তির মূল উদ্দেশ্য।
দ্বৈত কর পরিহার ও কর খাতে পারস্পরিক প্রশাসনিক সহযোগিতা বাড়ানোর জন্য সার্কের চুক্তিটিও পাকিস্তান সীমিত আকারে অনুসমর্থন করেছে।
পাকিস্তান চুক্তিটি অনুসমর্থনের পর একমাত্র শ্রীলংকা চুক্তিটি অনুসমর্থনের বাইরে থাকল। দেশটির পার্লামেন্ট নির্বাচন শেষে চুক্তিটি অনুমোদন করা হবে বলে আশা করা হচ্ছে।
ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, এবং মালদ্বীপ ইতিমধ্যে চুক্তিটি অনুমোদন করেছে।
পাকিস্তানের মন্ত্রীসভার বৈঠকের পর এক প্রেস রিলিজে জানানো হয় ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন পাকিস্তান সরকার ভারতের সাথে শান্তি স্থাপন করতে চায়, কিন্তু একই সাথে তিনি জম্মু ও কাশ্মীরের জনগণের মূল সমস্যার সমাধান করতে চান।
পাকিস্তানের মিডিয়ার তথ্য অনুযায়ী, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় সাফটা অনুসমর্থনে সরকারের নেওয়া সিধান্তের বিরোধীতা করেছে, কাশ্মীর ইস্যুর সমাধান ব্যাতিত তারা ভারতের সাথে কোনপ্রকার বাণিজ্য আলোচনা শুরু করতে আগ্রহী না। মন্ত্রণালয় সাফটা অনুসমর্থনের খবর সম্পূর্ন অস্বীকার করেছে।
ভারত ও পাকিস্তান সম্প্রতি তাদের নেতিবাচক পণ্যের তালিকা কমিয়ে এনেছে। পাকিস্তান তার নেতিবাচক পণ্যের সংখ্যা ১৩১০ থেকে ১১৮৫ তে হ্রাস করেছে। এবং পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতও তার নেতিবাচক পণ্য তালিকা ৯২৭ থেকে ৮৩৪ এ নামিয়েছে।
চুক্তিটি কার্যকর হওয়ার দিন থেকে নেতিবাচক পণ্য তালিকা ব্যাতিত সদস্য দেশগুলোর মধ্যে আমদানী রপ্তানীর ক্ষেত্রে হ্রাসকৃত শুল্ক হার প্রজোজ্য হবে।
