করপোরেট প্রশাসন নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পরস্পরকে সহযোগিতা করা জরুরি
রাজধানী ঢাকায় বৃহস্পতিবার আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, বাংলাদেশ করপোরেট প্রশাসন নিশ্চিত করতে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার একে অপরকে সহযোগিতা করা জরুরি।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) কার্যালয়ে বৃহস্পতিবার বিইআই আয়োজিত গোলটেবিল বৈঠকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ফকরুদ্দিন আহমেদ বলেন, করপোরেট শাসন ব্যতিরেকে আমাদের ব্যবসায়িক খাত প্রতিযোগী হতে পারবে না। দেশে করপোরেট প্রশাসন দিকনির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে মিল থাকা প্রয়োজন।
তালিকাভূক্ত কোম্পানিগুলোর জন্য করপোরেট প্রশাসনের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সম্প্রতি যে দিকনির্দেশনার সূচনা করেছে, তার উপর আলোচনা করতে বিইআই গোলটেবিল বৈঠকটির আয়োজন করে। এসইসি জানুয়ারিতে তালিকাভূক্ত কোম্পানিগুলোর জন্য ‘কমপ্লাই অর এক্সপ্লেইন’ ভিত্তিতে দিকনির্দেশনা প্রদান করে।
বিইআই সভাপতি ফারুক সোবহান গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফকরুদ্দিন আহমেদ বলেন, দিকনির্দেশনা দেয়ার ফলে ব্যাংকগুলোর লাভ, শেয়ার দাম এবং বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে।
বিইআই সভাপতি ফারুক সোবহান বলেন, করপোরেট শাসনের ব্যবহার সারা বিশ্বে সুপ্রতিষ্ঠিত। এ ধরনের ব্যবস্থা প্রবর্তনের ফলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ও বাজার মূলধন বৃদ্ধি পায়।
সাবেক এসইসি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, দিকনির্দেশনার আওতাধীন শেয়ারহোল্ডারদের অধিকারের উন্মোচনের বিষয়টি নির্দিষ্ট হওয়া উচিত।
এ ধরনের উদ্যোগের সুফল পেতে বাংলাদেশ ব্যাংক, এসইসি, জয়েন্ট স্টক কোম্পানিগুলোর রেজিস্টার, বীমা নিয়ন্ত্রক-সহ সকল স্টেকহোল্ডাদের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর হারুন-অর-রশিদ গুরুত্বারোপ করেন।
এসইসি’র চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম বলেন, দিকনির্দেশনা পুরোপুরি অনুসরণ করা হলে অধিকার শেয়ার ইস্যু ও আইপিও পুনরাবৃত্তি করতে কোম্পানিগুলোকে অনুমতি দেয়া হতে পারে।
তিনি বলেন, বিদ্যমান কোম্পানি আইন ও এসইসি’র সাম্প্রতিক দিকনির্দেশনার মধ্যে কোন অসাঞ্জস্য বা বিরোধিতা নেই।
তিনি বলেন, স্বাধীন অ-শেয়ারহোল্ডার পরিচালক নিয়োগে এসইসি ধারা শিথীল করেছে। এখন কোম্পানিগুলোকে এক-দশমাংশ স্বাধীন অ-শেয়ারহোল্ডার পরিচালক নিয়োগ দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক, এসইসি, আইসিএবি, ব্যাংক ও ব্যাংকিং কাজ করে না এমন আর্থিক প্রতিষ্ঠানসহ তালিকাভূক্ত কোম্পানিগুলোর উচ্চ পদস্থ কর্মকর্তারা গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন।
