২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাহার ও অর্থনৈতিক ইস্যুতে আলোচনায় অগ্রগতি হয়নি: ঢাকার শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা প্রস্তাব ইসলামাবাদের প্রত্যাখান

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাকিস্তান সফরকালে আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাহার ও ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের পর থেকে ঝুলে থাকা অর্থনৈতিক সমস্যার কোন সমাধান আসেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

এমনকি পারস্পরিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)র আওত্তায় পাকিস্তানের বাজারে বাংলাদেশের নয়টি ক্যাটাগরির ৭৩ টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রস্তাবও পাকিস্তান পরোক্ষভাবে প্রত্যাখান করেছে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১২-১৪ ফেব্রুয়ারি পাকিস্তান সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বহুল আলোচিত শরণার্থী প্রত্যাহার ও অর্থনৈতিক সমস্যার সমাধানের বিষয়ে বলেন, আমরা ইস্যুটিকে জিইয়ে রেখেছি।

পারস্পরিক সকল বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি, আপনি কি আশা করেন যে বিষয়টি ৩০ বছর ধরে ঝুলে আছে তা আমরা মাত্র তিন দিনেই সমাধান করে ফেলব, তিনি সাংবাদিকদের নিকট এ প্রশ্ন করেন।

সংবাদ সম্মেলনে পরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের বাজারে বাংলাদেশের ৯টি ক্যাটাগরির মোট ৭৩ টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রস্তাব ঢাকা পেশ করেছে। তারা এটা মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় দেওয়ার জন্য সম্মত হয়েছে, যার আলোচনা শিগগিরই শুরু হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই আলোচনা শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

পাকিস্তানের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এফটিএ তে সাক্ষর পরিকল্পনার বিষয়ে প্রশ্ন করা হলে মোর্শেদ খান বলেন, এটা তাদের ইচ্ছা, যত দ্রুত সম্ভব তারা এটা করতে চায়।

পাকিস্তান সফর থেকে প্রাপ্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেক দেশই তাদের স্বার্থ রক্ষা করবে। তারা আমাদের স্বার্থ দেখবে না। এটা আমাদেরকে নিজেদের আলোকে দেখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর পাকিস্তান সফরকালে কৃষি গবেষণা, রপ্তানি উৎসাহিতকরণ ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মোট ৪ টি চুক্তি সাক্ষরিত হয়েছে বলেও মন্ত্রী সংবাদ সম্মেলনে জানান।