উত্তরাঞ্চলে তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার
সংসদে বিরোধী দলের ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে উত্তরাঞ্চলে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্য পঞ্চাশ পয়সা থেকে এক টাকা বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। দেশের উত্তারাঞ্চলের জেলাগুলোতে তেলের সংকটের ফলে সেচকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, জ্বালানি তেলের মূল্য বর্ধিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে উত্তরাঞ্চলের জ্বালানি তেল পরিবহনের ফলে যে অতিরিক্ত ব্যয় হয় তা পেট্রোলিয়াম কর্পোরেশনকেই বহন করতে হবে।
জ্বালানি বিভাগে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এক সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের সরবরাহ ও দাম স্বাভাবিক না হলে র্যাব, বিডিআর এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তেলের দামের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের পরিবর্তনের কারণে এবং র্যাব ও বিডিআর মোতায়েনের সিদ্ধান্তের ফলে দেশের উত্তরাঞ্চলের ডিপোগুলোতে জ্বালানি তেলের দাম স্বাভাবিকহ হলেও খুচরা বিক্রেতারা এখনও বেশি দামে তেল বিক্রি করছে।
ওই জেলাগুলো থেকে পাওয়া খবরে জানা গেছে, তেলের দাম ৩০ টাকার কিছু বেশি হলেও খুচরা বিক্রেতারা ৪৫ থেকে ৪৮ টাকা লিটার দরে তেল বিক্রি করছে। চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সবচেয়ে বেশি দামে তেল বিক্রি হয়েছে। সেখানে প্রতি লিটার তেল ৬০ টাকা দরে বিক্রি হয়েছে বলে জানা গেছে।
সরকার সোমবার জ্বালানি তেলের ডিলারদের লিটার প্রতি ৫০ পয়সা থেকে ১ টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাবটি অনুমোদন করে। নদীর অনাব্যতার কারণে বাঘাবাড়ি ডিপো থেকে জ্বালানি তেলের চালান বন্ধ হয়ে যাওয়ায় এবং ঢাকা ও খুলনা থেকে জ্বালানি তেল উত্তরাঞ্চলে স্থলপথে পরিবহনের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল।
নতুন কৃষি মৌসুমে সরকারের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে উত্তরাঞ্চলে কৃষকদের মধ্যে ব্যাপক অসোন্তষের সৃষ্টি হয়েছে। প্রতি লিটার ডিজেলের মূল্য ৩০ টাকা হলেও সংকটের কারণে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকায়। সরকারিভাবে মূল্য বৃদ্ধির সুযোগে বিক্রেতারা এখন প্রতি লিটার ডিজেল ৪০ টাকায় বিক্রি করছে। কোথাও কোথাও দাম আরও বেশি।
মঙ্গলবার সংসদে বিরোধী দল আওয়ামীলীগের সংসদ সদস্যরা উত্তরাঞ্চলে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সংসদ বর্জন করে বেরিয়ে আসেন। সরকার পক্ষ থেকে এ সময় জানানো হয় যে, উত্তরাঞ্চলে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করা হয়নি।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের পর জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, উত্তরাঞ্চলে তেলের মূল্য বৃদ্ধি করা হয়নি। তিনি আরও জানান, পূর্বের পরিকল্পনা অনুযায়ী তেল পরিবহনের ক্ষেত্রে দূরত্ব অনুসারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে তিনি এখনও দৃঢ় প্রতিজ্ঞ।
নতুন এই সিদ্ধান্তের ফলে জ্বালানি তেল পরিবহনের অতিরিক্ত ব্যয় এখন আর খুচরো ক্রেতাদের ঘাড়ে চাপবে না। খুলনার দৌলতপুর ডিপো থেকে যে সমস্ত ডিলাররা তেল নেবেন তাদের পরিবহনের অতিরিক্ত ব্যয় এখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বহন করবে।
জ্বালানি উপদেষ্টা বলেন, নদীর অনাব্যতার কারণে বাঘাবাড়ি থেকে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা জানালেন, মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে বাঘাবাড়ি থেকে জ্বালানী তেলের সরবরাহ শুরু না হওয়া পর্যন্ত কর্পোরেশনকে প্রতি মাসে তিন-চার কোটি টাকা অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করতে হবে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক অ্যাসোসিয়েশনের সাথে জ্বালানি বিভাগের এক বৈঠকে অতিরিক্ত পরিবহন খরচ গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
বৈঠকে বলা হয়, দৌলতপুর থেকে ৩৮৭ টি লরিতে তেল বোঝাই করে ইতোমধ্যে উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে পাঠানো হয়েছে। যমুনা নদীর নাব্যতাজনিত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত রাখা হবে।
এছাড়া বাঘাবাড়ি, কাজিরহাট, দৌলতপুর, পার্বতীপুর, রংপুর, নাটোর ও হরিয়ান থেকে ছুটির দিনেও তেল সরবরাহ অব্যাহত রাখা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সীমান্ত এলাকার পাম্পগুলোতে তেলের সরবরাহ পর্যবেক্ষণ করে এক সপ্তাহের মধ্যে জ্বালানি উপদেষ্টার কাছে রিপোর্ট পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্ট থানা ও জেলার টিএনও ও ডিসি’র প্রতিও নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়া তাদের নিজ নিজ এলাকার সংশ্লিষ্টদের নিয়ে প্রতিমাসের পরিবর্তে প্রতি সপ্তাহে আলোচনায় বসতে বলা হয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।
জ্বালানি তেলের চোরাচালান হওয়ার ব্যাপারে কর্মকর্তারা জানান, জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান পরিস্থিতির পরিবর্তন না হলে দেশের সীমান্ত এলাকার ৭৪ টি পেট্রোল পাম্প স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন।
এছাড়া সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভারতীয় ট্রাকগুলোতে তল্লাশি চালানো এবং বাংলাদেশ ত্যাগের সময় যাতে জ্বালানি না নিতে পারে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চোরাচালান নিয়ন্ত্রণ ও সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্তের ফলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে জ্বালানি সংকটের অবসান হতে পারে বলে ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন।
