২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পূরক শুল্ক ২ শতাংশ হ্রাস করতে রাজি হয়েছে সরকার

বিশ্বব্যাংকের উপদেশ অনুসারে আমদানির উপর সরকার দুই শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করতে যাচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিক মঙ্গলবার বিডিনিউজকে বলেন, শুল্ক হ্রাস করতে সরকার রাজি হয়েছে। এ বিষয় নিয়ে আর কোন আলোচনার প্রয়োজন নেই।

সূত্র জানায়, উন্নয়ন সহযোগিতা ঋণের (ডিএসসি) চতুর্থ কিস্তি ঋণ পাওয়ার শর্ত পূরণ হিসেবে বিশ্বব্যাংকের উপদেশ অনুসারে সরকার আমদানির উপর সম্পূরক শুল্ক হ্রাস করতে রাজি হয়েছে।

ডিএসসি’র চতুর্থ কিস্তির আওতায় সরকার ১০০ মিলিয়ন থেকে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে পারে। ডিএসসি’র আগের তিনটি কিস্তিতে সরকার এখন পর্যন্ত ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা পেয়েছে।

এর আগে ডিসেম্বরে ডিএসসি’র চতুর্থ কিস্তির ঋণ পেতে বিশ্বব্যাংক সম্পূরক শুল্ক দুই শতাংশ হ্রাস, সংগ্রহ (প্রকিউরমেন্ট) আইন বাস্তবায়ন, সরকারি হিসাব কমিটিতে গণমাধ্যমের প্রবেশাধিকার নিশ্চিতকরণ-সহ ১১ দফা শর্ত পূরণ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায়।

ওয়ালিক বিডিনিউজকে বলেন, শুল্ক হ্রাসের ফলে আমদানি বৃদ্ধি পাবে। সম্পূরক শুল্ক থেকে রাজস্ব আয় রাতারাতি বৃদ্ধি পাবে।

অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে সম্পূরক শুল্ক হ্রাসের কোন চিঠি আমরা এখন পর্যন্ত পাইনি।

তবে শুল্ক হ্রাস প্রস্তাবে সরকার অনুমোদন দিতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

বাণিজ্য বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের পদক্ষেপের ফলে নির্দিষ্ট শ্রেণীর স্থানীয় পণ্যের চাহিদা হ্রাস পাওয়ার পাশাপাশি বাণিজ্য উদারীকরণ গভীরতর হবে এবং কম মূল্যে বিদেশি গ্রাহক পণ্য সহজলভ্য হবে।

মূল্য সংযোজন কর ও বিক্রয় কর থেকে আয় কমে যাবে বলে তারা জানিয়েছেন।

বাণিজ্য বিশেষজ্ঞ ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, শুল্ক হ্রাসের প্রভাব হবে বহুমুখী।

তিনি বলেন, কাঁচামালের উপর শুল্ক হ্রাস করা হলে পণ্যের দাম কমে যাবে। আর প্রস্তুত (ফিনিশ্ড) পণ্যের উপর শুল্ক হ্রাস করা হলে তাতে সে সব পণ্যের আমদানি বৃদ্ধি পাবে এবং এর ফলে স্থানীয় পণ্য হুমকির সম্মুখীন হবে।