নীতিসমূহে জনগণের মালিকানা অবহেলা করায় দাতাদের দুষলেন সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থাকে অভিযুক্ত করে বলেছেন এরা নীতি গ্রহণে জনগণের মালিকানাকে অগ্রাহ্য করে। তিনি বলেন, উন্নয়ন অংশীদাররা কথায় কথায় গণতন্ত্র, সংসদ ও জনগণের সরকারের কথা বলে, কিন্তু পরিহাসের বিষয় হচ্ছে যখন তারা নিজেদের কোনও ধারনা বা নীতি চাপিয়ে দিতে চায় তখন জনগণের অভিমতের কোনও তোয়াক্কা করে না।
সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও ক্রয় পদ্ধতির উন্নয়নে কর্মপরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় বক্তৃতাকালে মন্ত্রী আরও বলেন, আমরা সংস্কার চাই, কিন্তু কখনো কখনো দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দাতাদের সকল পরামর্শ মেনে নেয়া যায়না। প্রায়ই বিষয়গুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং তহবিল ছাড়ে অনিশ্চয়তার কারণে বাজেটে নির্ধারিত টার্গেট অর্জন কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন ওয়ালিক। অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী ও ঢাকায় ডিএফআইডি’র প্রধান কর্মশালায় বক্তব্য রাখেন।
কর্মশালায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপস্থাপিত বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, দারিদ্র বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি অর্থব্যবস্থাপনার উন্নয়ন এবং জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বব্যাংক আরও জানায়, হিসাবনিকাশের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের প্রভাব থেকে মুক্ত রাখতে কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে নিয়ে সত্যিকার অর্থেই একটি স্বাধীন প্রশাসনিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন।
সাইফুর রহমান বলেন, মাঝে মাঝেই দাতাদের অর্থছাড়ের ব্যাপারে আমাদের অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়।
তিনি বলেন, আমাদের কর্মপরিকল্পনার সাথে আপনাদের কর্মপরিকল্পনা সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার।
তিনি আরও বলেন, যথাযথ অর্থব্যবস্থাপনা এবং বাজেটের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য একটি বলিষ্ঠ প্রশাসনিক কাঠামো প্রয়োজন।
প্রশাসনিক সামর্থের ওপর দাতাদের পরামর্শ ও সরকারের কৌশলের নির্ভরশীলতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন যদি সঠিক উদ্দেশ্যে পরিচালিত না হয় তাহলে আর্থিক শৃক্সখলা বজায় রাখা সম্ভব হতে পারে না।
তিনি নির্বাচনের সময় অতিরিক্ত ব্যয়ের বিষয়টিকে অস্বীকার করে বলেন, অতিরিক্ত অর্থ ব্যয়ের তেমন কোনও প্রবণতা দেখা যাচ্ছে না।
১৯৯০ সাল থেকে সরকার বাজেট বিষয়ক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালিয়ে আসছে।
ওয়ালিক বলেন, বাজেট পরিকল্পনার দুর্বলতা, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে গৃহীত অতিরিক্ত কর্মসূচি, বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া, সরকারি ক্রয়ের ক্ষেত্রে আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংহত করা এবং বাজেট প্রক্রিয়ায় সংসদীয় তদারকি সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।
তিনি বলেন, বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার ফলে সরকারের দেনার পরিমাণ ক্রমেই বাড়ছে। সরকার ভর্তুকির মূল্যে তেল বিক্রি করছে। এতে করে দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়ছে।
