২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ব্যয়ের ওপর নির্ধারিত হবে উত্তরাঞ্চলের জ্বালানি তেলের দাম

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পেট্রোল, অকটেন ও ডিজেল লিটার প্রতি বিভিন্ন দামে বিক্রি হবে। বাড়তি পরিবহন ব্যয়ের ওপর নির্ভর করে জ্বালানি তেলের দামের এই হেরফের ঘটবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 04:41 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

জ্বালানি তেল পরিবেশক সমিতি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

অবশ্য সোমবার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের এক বৈঠকে উত্তরাঞ্চলের সকল জেলায় প্রতি লিটার এক টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক থেকে বলা হয়, বর্ধিত দাম পরবর্তী ১৫ দিন কার্যকর থাকবে।

সংবাদ সম্মেলনে তেল পরিবেশক সমিতির নেতারা বলেন, আগামী ১৫ দিন খুলনার দৌলতপুর থেকে তেল সরবরাহ করা হলে পরিবহন ব্যয় পড়বে লিটার প্রতি পাবনায় ৬৫ পয়সা, রাজশাহীতে ৮০-৮৫ পয়সা, বগুড়ায় ৯০ পয়সা থেকে এক টাকা, রংপুরে এক টাকা এবং ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে এক টাকা বেশি।

তারা বলেন, তাই সকল অঞ্চলে লিটার প্রতি এক টাকা বাড়ানো ঠিক হবে না। বরং পরিবহন ব্যয়ের ওপর নির্ভর করে বিভিন্ন জেলায় বিভিন্ন দাম নির্ধারিত হবে।

জ্বালনি উপদেষ্টার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে তারা অভিয়োগ করেন, জ্বালানি উপদেষ্টার সিদ্ধান্ত বিষয়ক আদেশপত্র এখনো খুলনার দৌলতপুর ডিপোতে পৌঁছেনি।

সমিতির নেতারা বর্তমান তেল সংঙ্কট মোকাবিলায় সরকারের পাশপাশি বেসরকারি খাতকেও তেল আমদানির অনুমতি দেওয়ার দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব সাজ্জাদুল করিম কাবুল, সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আনোয়ারুল কাদির, যুগ্মমহাসচিব ডা. মো. ওয়ালিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে উত্তরাঞ্চলে প্রতিদিন ১৪ থেকে ১৫ টন জ্বালানি তেলের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে আট থেকে ১০ টন।

তিনি বলেন, এবার শীতকালে সেচ কাজের জন্যে বিদ্যুৎ সরবরাহ ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এতে ডিজেলচালিত সেচযন্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সে কারণেই এই বাড়তি চাহিদা।

এদিকে পেট্রোলিয়াম কর্পোরেশন সোমবারই এক সভা থেকে জানায়, নেভিগেশন সংকটের কারণে বাঘাবাড়ি ডিপোতে প্রয়োজনীয় মজুদ গড়ে তোলা যাচ্ছে না। তাই নাব্যতা না আসা পর্যন্ত খুলনা এবং ঢাকা থেকে উত্তরাঞ্চলে প্রয়োজনীয় জ্বালানি তেল (বিশেষ করে ডিজেল) সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সভায় জানানো হয়, গত জানুয়ারিতে দেশে প্রায় আড়াই লাখ মেট্রিক টন ডিজেল বিক্রি হয়েছে। এই পরিমাণ গত বছরের জানুয়ারি মাসের চেয়ে ২০ হাজার মেট্রিক টন এবং প্রাক্কালনের চেয়ে ৫০ হাজার মেট্রিক টন বেশি।

বৈঠক থেকে দাবি করা হয়, ডিজেলের মজুদের কোনো সমস্যা নেই। আবার দুদিন পরপর কুয়েত থেকে ডিজেল নিয়ে বন্দরে জাহাজ আসছে। ফলে প্রয়োজনীয় চাহিদার সমস্ত ডিজেলই ঢাকা এবং খুলনা থেকে সরবরাহ করা হবে।