জেমস ফিনলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত হচ্ছে: সংসদে অর্থমন্ত্রী
জেমস ফিনলে কোম্পানিটি মালিকানা হস্তান্তরের নামে টাকা পাচার করছে বলে জাতীয় সংসদে অভিযোগ করা হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে সোমবার হবিগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের এমপি এনামুল হক মোস্তফা এ অভিযোগ করে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
এনামুল হক অভিযোগ করেন, জেমস ফিনলের মালিকানা হস্তান্তরের নামে হাজার হাজার কোটি টাকা অবৈধ পথে পাচার হয়ে যাচ্ছে।
অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা জানতে পেরেছি, টাকা পাচারের এই কাজটি সিঙ্গাপুরে বসে করা হচ্ছে।
তিনি জানতে চান, অর্থমন্ত্রী এ ব্যাপারে কিছু জানেন কি-না?
জবাবে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান জানান, জেমস ফিনলের মালিকানা হস্তান্তরের বিষয়টি তিনি পত্রিকার মাধ্যমে জেনেছেন। এবং এ ব্যাপারে ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম ধরা পড়লে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংককেও এ ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
