২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপি সুবিধা বজায় রাখতে বাংলাদেশকে পদক্ষেপ নিতে হবে

বাংলাদেশের রপ্তানি পণ্যের ক্ষেত্রে জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস) সুবিধা বজায় রাখতে সবধরনের প্রচেষ্টা চালানোর ওপর জোর দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

এক বৈঠকে সোমবার বক্তারা বলেন, রপ্তানি পণ্যকে তিন শতাংশ শুল্কমুক্ত ও কোটামুক্ত নয়, এমন তালিকার (এক্সক্লুশনারি লিস্ট) বাইরে রাখার উদ্যোগ নিতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মার্কেট একসেস ও রপ্তানি পণ্য বহুমুখীকরণ (ডাইভার্সিফিকেশন অব এক্সপোর্ট) সংক্রান্ত কমিটি অয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করার মাধ্যমে বাণিজ্য ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিতেও বৈঠকে বক্তারা আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশেষ কয়েকটি দেশ থেকে যে পণ্যগুলো জিএসপি সুবিধা পায়, সে পণ্যগুলোকে তিন শতাংশ এক্সক্লুশনারি লিস্টের বাইরে রাখার জন্যে আমাদের উদ্যোগ নিতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাণিজ্যসচিব আব্দুল করিম, সাবেক বাণিজ্যসচিব আলমগীর ফারুক চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল হক, বাণিজ্য বিশেষজ্ঞ অনন্য রায়হান, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) শীর্ষ কর্মকর্তাগণ এবং বিভিন্ন চেম্বার ও বাণিজ্য কমিটির প্রতিনিধিবৃন্দ।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বিষয়ক শাখার মহাপরিচালক নাসিরুদ্দিন আহমেদ বলেন, কোনো জটিলতা ছাড়াই বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার অনুরোধ করে মন্ত্রী সম্প্রতি জাপান সরকারকে একটি চিঠি লিখেছেন।

বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি থেকে সফলতা লাভ করার উপায় খুঁজে বের করতে সরকার সম্প্রতি তিনটি কমিটি গঠন করেছে। ইপিবি’র ভাইস চেয়ারম্যানকে প্রধান করে মার্কেট একসেস, ইপিবির মহাপরিচালককে (টেক্সটাইল) প্রধান করে ডাইভার্সিফিকেশন অব এক্সপোর্ট এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে সেবা খাত কমিটি গঠন করা হয়।

সোমবারের বৈঠকটি ছিল এ সকল উদ্যোগের একটি সূচনা বৈঠক।

বর্তমানে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নরওয়ের পক্ষ থেকে জিএসপি সুবিধা পেয়ে থাকে।

মন্ত্রণালয়ের উপাত্ত থেকে জানা যায়, বাংলাদেশকে যে দেশগুলো জিএসপি সুবিধা দিয়ে থাকে, সে সব দেশে ঢাকা তার উল্লেখযোগ্য পণ্যের ৯০ শতাংশ রপ্তানি করে থাকে। এসব পণ্যের মধ্যে রয়েছে ওভেন, নিটওয়্যার, হিমায়িত খাদ্য, জুতা এবং চামড়াজাত পণ্য।

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী জানান, জিএসপি সুবিধাগ্রহণকারী দেশ হিসেবে সুবিধাগুলো বজায় রাখতে বাংলাদেশকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। তিন শতাংশ এক্সক্লুশনারি লিস্ট থেকে আমাদের সকল রপ্তানিযোগ্য পণ্য বাদ দেওয়া প্রয়োজন।

বাংলাদেশের সমঝোতা কৌশলের মানোন্নয়ন ঘটাতে বাণিজ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এর ফলে বাংলাদেশ তার সকল রপ্তানিযোগ্য পণ্য বাকি ৯৭ শতাংশ শুল্কমুক্ত ও কোটামুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। কেননা, এর ফলে স্বল্পোন্নত দেশের পণ্যের ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়া যায়।

তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণ করতে আমাদের মধ্য ও দীর্ঘ মেয়াদভিত্তিক কর্মপরিকল্পনা প্রস্তুত করতে হবে।

বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক বলেন, রপ্তানির জন্যে বাংলাদেশকে উপযুক্ত পণ্য নির্বাচন করতে হবে।

বাণিজ্যসচিব আব্দুল করিম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে প্রাপ্ত সুবিধা বৃদ্ধি করতে তাদের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ।