১০ বছরে মাথাপিছু আয়ের পরিমান দ্বিগুণেরও বেশি বেড়ে ২৮,৪৩০ টাকায় দাঁড়িয়েছে: সংসদে অর্থমন্ত্রী
২০০৪-০৫ অর্থবছরে দেশে মাথাপিছু আয়ের পরিমান ছিল ২৮ হাজার ৪৩০ টাকায় (৪৭০ মার্কিন ডলার) যা ১৯৯৫-৯৬ অর্থবছরে ছিল মাত্র ১৪ হাজার ২৮ টাকা (৩৪৩ ডলার)। দশ বছরে মাথাপিছু আয়ের পরিমান দ্বিগুনেরও বেশি বেড়েছে।
সোমবার সংসদে বিএনপি’র সাংসদ এসএ খালেকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এ কথা বলেন।
আমজাদ হোসেন সরকারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ব্যাংকের প্রভিশন ও মূলধন ঘাটতি রোধে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপীসহ সকল স্তরের ঋণখেলাপীদের কাছে থেকে নগদ অর্থ আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়াও একক কোনো গ্রহীতাকে ব্যাংকের পরিশোধিত মূলধনের পাঁচ শতাংশের বেশি ঋণ না দেওয়ার বিধান করা হয়।
মসিউর রহমান রাঙ্গার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অথবছরে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বিভিন্ন শর্তে মোট ৪২৩ দশমিক ৮৪৩ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক ঋণ পাওয়া গেছে।
এর মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে ৩০ বছরে পরিশোধ্য ৩২৬ দশমিক ৬৪৩ মিলিয়ন মার্কিন ডলার এবং আইএমএফ থেকে ৪০ বছরে পরিশোধ্য ৯৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরে কৃষকদের মাঝে মোট দুই হাজার ৫৭৭ কোটি ৭৬ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে।
আলী আসগর লবির এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার আমলে বেনাপোল স্থল বন্দর থেকে মোট তিন হাজার ৯৬৬ কোটি ১২ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে।
