২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটকলগুলোতে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে বিপিসি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পাটকলগুলোতে মেশিন অয়েল এবং ব্যাচিং অয়েল সরবরাহ বন্ধ করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 10:00 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বিপিসি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে আমদানি কম করার কারণে বেসরকারি পাটকলগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে না।

বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) সূত্র জানায়, একটি ৪০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন জুট মিলে প্রতি মাসে জুট ব্যাচিং অয়েলের প্রয়োজন হয় ১ হাজার ৪০০ লিটার, মেশিন অয়েল- ৩২ প্রয়োজন হয় ৪০০ লিটার এবং মেশিন অয়েল-৪০ এর প্রয়োজন ১২৫ লিটার।

পাটকল মালিকরা খুচরা বাজার থেকে এখন বেশি দামে তেল কিনছে। দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে ১১৬ টি পাটকল রয়েছে। এর মধ্যে স্পিনিং মিলের সংখ্যা ৫২টি; বিজেএমএ’র তালিকাভুক্ত রয়েছে ৬৪ টি মিল।

বিজেএমএ নেতারা জানান, পাট বীজ আমদানিসহ ভর্তূকি ছাড় দেওয়ায় দীর্ঘসূত্রিতা, কালোবাজারিদের দখলে পাটবাজার এবং সরকারের পাট ও পাটজাত দ্রব্যের আমদানিতে ভ্রান্ত নীতিমালার ফলে পাটকল মালিকরা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারের ভ্রান্ত নীতিমালা পরিবর্তন না করলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে পাটকল বন্ধ হয়ে যাবে।

দেশে প্রতিবছর সরকারি ও বেসরকারি পর্যায়ে চার থেকে পাঁচটি পাটকল বন্ধ হচ্ছে। এদিকে ভারতে প্রতি বছর পাঁচটি করে নতুন পাটকল স্থাপন হচ্ছে। ভারতের অধিকাংশ পাটকল বাংলাদেশের সীমান্ত এলাকায় স্থাপিত হচ্ছে। ৮০’র দশকের পর থেকে এ পর্যন্ত নতুন ৬২টি পাটকল স্থাপন হয়েছে ভারতে।

কুড়িগ্রামের রৌমারি, শেরপুরের নালিতাবাড়ি, ময়মনসিংহের নান্দাইল, হালুয়াঘ্টা, ফুলপুর, ঈশ্বরগঞ্জ, গৌরিপুর, নেত্রকোনার মোহনগঞ্জ সীমান্ত এলাকায় বাংলাদেশের সবচেয়ে উন্নতমানের পাট উৎপাদন হয়।

ভারতীয় পাটকল মালিকরা বাংলাদেশের এসব সীমান্ত এলাকায় পাটচাষীদের পাট চাষের দাদন দিয়ে থাকে এবং পাট মৌসুমে তারা বাংলাদেশের উন্নত পাট দিয়ে তাদের পাটকল চালু রাখে।

সরকারিভাবে এর প্রতিকার করা হয় না বলে অভিযোগ রয়েছে।