পরিবহন সংকটের কারণে উত্তরাঞ্চলে অকটেন, পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ১ টাকা বাড়ছে
বাড়তি পরিবহন ব্যয় মেটাতে উত্তরাঞ্চলে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম লিটার প্রতি এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
এর ফলে সোমবার থেকে উত্তরাঞ্চলে প্রতি লিটার ডিজেল ৩০ টাকার বদলে ৩১ টাকা, পেট্রোল ৪২ টাকার স্থলে ৪৩ টাকা এবং অকটেন ৪৫ টাকার জায়গায় ৪৬ টাকায় বিক্রি হবে।
বর্ধিত দাম আগামী ১৫ দিন কার্যকর থাকবে।
সোমবার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নেভিগেশন সংকটের কারণে বাঘাবাড়ি ডিপোতে প্রয়োজনীয় মজুদ গড়ে তোলা যাচ্ছে না। তাই নাব্যতা না আসা পর্যন্ত খুলনা এবং ঢাকা থেকে উত্তরাঞ্চলে প্রয়োজনীয় জ্বালানি তেল, বিশেষ করে ডিজেল সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় ব্যবসায়িদের পক্ষ থেকে বলা হয়, ঢাকা এবং খুলনা থেকে উত্তরাঞ্চলের জন্যে তেল সরবরাহ দিতে হলে এর পরিবহন ব্যয় বাড়বে। তারা প্রশ্ন রাখেন, বাড়তি খরচের জোগান কীভাবে আসবে? পরে সিদ্ধান্ত হয়, ভোক্তাদের কাছ থেকে প্রতি লিটারে এক টাকা বেশি দাম নিয়ে এই ব্যয় পোষানো হবে।
সভা শেষে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, দেশে যে ডিজেল সংকট সৃষ্টি হয়েছিল, তার সাথে মজুদ স্বল্পতার কোনো সম্পর্ক নেই। তেল আমদানির নতুন এলসি খোলার ক্ষেত্রে জটিলতা, তিন মাস বৃষ্টি না হওয়া, নেভিগেশন সমস্যা এবং শীতকালেও বিদ্যুৎ সংকটের কারণে দেশব্যাপী ডিজেল ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সভায় জানানো হয়, গত জানুয়ারিতে দেশে প্রায় আড়াই লাখ মেট্রিক টন ডিজেল বিক্রি হয়েছে। এই পরিমাণ গত বছরের জানুয়ারি মাসের চেয়ে ২০ হাজার মেট্রিক টন এবং প্রাক্কলনের চেয়ে ৫০ হাজার মেট্রিক টন বেশি।
বৈঠকে আরো জানানো হয়, ডিজেলের মজুদের কোনো সমস্যা নেই। আবার দু’দিন পরপর কুয়েত থেকে ডিজেল নিয়ে বন্দরে জাহাজ আসছে। ফলে প্রয়োজনীয় চাহিদার পুরো ডিজেল ঢাকা এবং খুলনা থেকে সরবরাহ করা হবে।
যাতে সারা দেশে ডিজেল সরবরাহ নির্বিঘ্ন করা যায়, সে লক্ষ্যে মনিটরিং জোরদার করতে সভা থেকে বিপিসিকে নির্দেশ দেওয়া হয়।
এদিকে ডিজেল যাতে পাশের দেশে পাচার হয়ে যেতে না পারে, তা নজরদারি করতে আগামী বুধবার জ্বালানি মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার একটি সভা অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি সচিব এএমএম নাসির উদ্দিন, বিপিসি’র চেয়ারম্যান শেখ খোরশেদ আলম, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক, ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাজ্জাদুল করিম কাবুল।
সভার শুরুতে জ্বালানি উপদেষ্টা জানতে চান, দেশে ডিজেলের চাহিদা হঠাৎ করে বেড়ে গেল কেন? এর জবাবে ব্যবসায়িদের পক্ষ থেকে বলা হয়, বিগত তিন মাস কোনো বৃষ্টি হয়নি। অন্যদিকে এবার শীতকালে সেচ কাজের জন্যে বিদ্যুৎ সরবরাহ ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এতে ডিজেলচালিত সেচযন্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সে কারণেই এই বাড়তি চাহিদা।
