২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ১৫০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: সরকারকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

সিদ্ধিরগঞ্জে দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে ১৫০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। তবে এজন্য ক্ষুদ্র ও বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দরপত্র আহ্বানের ক্ষেত্রে সরকারকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সচিবালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা আই ওয়ালিকের নেতৃত্বাধীন দলের সাথে রোববার বৈঠক শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বিশ্বব্যাংকের সহযোগিতায় সিদ্ধিরগঞ্জে ১২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আগামী এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন এবং ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) এ প্রকল্প পরিচালনা করবে বলে তিনি জানান।

ওয়ালিক জানান, এখানে দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত কঠিন। আমরা এ বিষয়টির ওপর বেশি জোর দিয়েছি।

তিনি বলেন, দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ উৎপাদন জোরদার করার মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন জোরদার করতে বিশ্বব্যাংক সহযোগিতা করতে চায়।

তিনি পূর্বাঞ্চলের বর্ধিত চাহিদার পরিপ্রেক্ষিতে সেখানে বিনিয়োগ বাড়ানোর ওপরও জোর দেন।

দরপত্রের স্বচ্ছতার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, দরপত্র ও অন্যান্য প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বিশ্ব ব্যাংকের বিশ্বব্যাংকের সহায়ক গ্রুপ আইএফসি'কে (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন) কৌশলগত সহযোগিতা দেওয়ার ব্যাপারে পরামর্শক নিয়োগ করব।

তিনি বলেন, বেসরকারি খাতে ১০ মেগাওয়াট ও ৩০ মেগাওয়াটের ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র (এসপিপিপিএস) বাস্তবায়নের কাজ মূল্যায়নের ক্ষেত্রে এবং স্বাধীন বিদ্যুৎ উৎপাদনে আইএফসি সহযোগিতা দেবে।

এসপিপিপিএস বাস্তবায়নে বিলম্বের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, কিছু ত্রুটি থাকার কারণে এ সংক্রান্ত সকল বিষয় আবার খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, সরকার এ বিষয়ে ইতোমধ্যে দরপত্র আহ্বান করেছে এবং নির্ধারিত সময় পর্যন্ত ৭৫ টি আবেদন জমা পড়েছে।

সরকারের কাছ থেকে ক্রয় সংক্রান্ত বিষয়ে নিশ্চয়তা চাইলে এসপিপি’র ব্যাপারে উদ্যোক্তাদের অবশ্যই দরপত্র প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে হবে।

ইকবাল হাসান মাহমুদ আশা প্রকাশ করেন, বড়পুকুরিয়ায় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়িত হলে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুতের ঘাটতি কমে আসবে। কয়লা নির্ভর এ বিদ্যুৎকেন্দ্রটি ১৪ ফেব্রুয়ারি থেকে উৎপাদন শুরুর মাধ্যমে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হবে।