২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া থেকে পাঠানো প্রবাসীদের অর্থের পরিমাণ দ্বিগুণ হবে: সাইফুর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান আশা প্রকাশ করেছেন, মালয়েশিয়া থেকে পাঠানো প্রবাসীদের অর্থের পরিমাণ এবার গত বছরের তুলনায় দ্বিগুণ হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ভিয়েতনাম ও মালয়েশিয়ায় এক সপ্তাহের সফর শেষে শনিবার রাতে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, মালয়েশিয়া থেকে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ এবার ৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী আড়াই লাখ বাংলাদেশীকে বৈধতা প্রদান করা হবে বলেও তিনি তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন। মালয়েশিয়ায় ৫০ হাজার বাংলাদেশী বৈধভাবে বসবাস করছে এবং তারা প্রতি মাসে পাঁচ কোটি টাকার মতো দেশে পাঠিয়ে থাকে।

সাইফুর রহমান প্রথমবারের মতো অনুষ্ঠিত যৌথ অর্থনৈতিক কমিশনে যোগ দিতে ভিয়েতনাম সফরে যান। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ফেব্রুয়ারি ৬ ও ৭ তারিখে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বিমানবন্দরে পৌঁছে তিনি জানান, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে। বিশেষ করে কৃষিখাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনাই বেশি।

মালয়েশিয়া সফরে সাইফুর রহমান শুক্রবার অগ্রণী ব্যাংকের বৈদিশিক শাখা উদ্বোধন করেন। প্রবাসীদের অর্থ প্রেরণ সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়ার ভূমিপুত্র কমার্স ব্যাংক ও বাংলাদেশের অগ্রণী ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

অর্থমন্ত্রী বলেন, এখন থেকে প্রবাসীরা আরও সহজে দেশে অর্থ পাঠাতে পারবে।

মন্ত্রী বলেন, এবার মালয়েশিয়া থেকে পাঠানো অর্থের পরিমাণ গত বছরের দ্বিগুণ হবে এবং তা ৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, মালয়েশিয়ায় শ্রমিকদের মজুরি মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় অনেক ভালো।

দু’ দেশের ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে এখন থেকে প্রবাসীদের অর্থপাঠানোর পরিমাণ যেমন বাড়বে তেমনি অবৈধ হুন্ডি ব্যবসাও বন্ধ হবে বলে তিনি জানান।

এর আগে প্রবাসী ও বৈদিশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় মালয়েশিয়া থেকে কম পরিমাণে প্রবাসীদের অর্থ প্রেরণের ক্ষেত্রে তিনটি প্রধান বাধা চিহ্নিত করা হয়। দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে সহজ ব্যাংকিং ব্যবস্থা না থাকা, প্রবাসী যুবক কর্মীদের মালয়েশিয়ায় ভোগ্যপণ্যের পিছনে অতিরিক্ত ব্যয় এবং বেসরকারিভাবে অর্থ প্রেরণের ক্ষেত্রে অতিরিক্ত বিনিময় হারকে তারা প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।