২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মার্চ-এপ্রিলে বিদ্যুতের লোড শেডিং ব্যবস্থাপনায় সরকারের প্রস্তাবে ব্যবসায়ীদের সম্মতি

আগামী গ্রীষ্মে বিশেষত মার্চ-এপ্রিল মাসে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার সময়ে লোড শেডিং ব্যবস্থাপনার জন্যে সরকারের প্রস্তাবে ব্যবসায়ীরা রাজি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ শনিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার’স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত দেশে বিদ্যুৎ সমস্যা ও সমাধান শীর্ষক এক আলোচনা সভায় এ প্রস্তাব দিলে ব্যবসায়ীরা ঐকমত্য প্রকাশ করেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তার প্রস্তাবে বলেন, আগামী মার্চ-এপ্রিল মাসে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার সময়ে লোড শেডিং ব্যবস্থাপনার জন্যে ঢাকা শহরকে সাতটি অঞ্চলে ভাগ করে অঞ্চল ভিত্তিক সমস্ত বাজার ও দোকান সপ্তাহের ভিন্ন ভিন্ন দিন বন্ধ থাকবে এবং এ দু’ মাসে সকল বাজার ও দোকানের অলোকসজ্জা ৫০ শতাংশ বন্ধ থাকবে।

শিল্প প্রতিষ্ঠানের লোড শেডিং ব্যবস্থাপনা সম্পর্ক তিনি তার প্রস্তাবে বলেন, রাজধানী সংশ্লিষ্ট সকল শিল্পে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কোন বিদুৎ সরবরাহ করা হবে না। এ সময়ে শিল্প প্রতিষ্ঠানগুলোকে ক্যাপটিভ জেনারেটরসহ সকল জেনারেটর চালানোর পরামর্শ দেওয়া হয়।

এফবিসিসিআই আয়োজিত বিভিন্ন সমিতি এবং চেম্বার নেতারা এ প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করেন।

বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এ এম এইচ আখতার হোসেন এ সময় দেশের বিদ্যুৎ চাহিদা ও উৎপাদন স¤পর্কিত বিভিন্ন তথ্য প্রবন্ধে উপস্থাপন করেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই প্রথমবারের মত উল্লেখ করেন, দেশে কৃষিখাতে সেচের জন্যে ৮৯০ মেগাওয়াট ঘাটতি রয়েছে।

অন্যদিকে আখতার হোসেন উল্লেখ করেন উত্তরাঞ্চলে ৫০ শতাংশ লোড শেডিংয়ের মাধ্যমে সেচ ব্যবস্থার ঘাটতি মেটানো সম্ভব।

শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ মূল্যের পার্থক্য নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পিডিবি ও আরইবির দামের মধ্যে দ্রুতই ভারসাম্য আনা হবে।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, উচ্চ প্রবৃদ্ধি’র পাশপাশি রক্ষণশীল চাহিদা নিরুপনের কারণে বিদ্যুৎ খাতে এ ধরনের লোড শেডিং হচ্ছে।

এ সময় ব্যবসায়ীরা বিদ্যুৎ বিতরণ, উৎপাদন এবং সরবারহ ব্যবস্থায় ব্যাপক দূর্নীতির আভিযোগ করেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বিদ্যুৎ খাতে বিভিন্ন অনিয়ম দুর করতে এফবিসিসিআইয়ে একটি সেল গঠন করার ব্যাপারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সমর্থন দেন।

তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বপূর্ণ বিনিয়োগের সঙ্গে দীর্ঘমেয়াদি সঠিক নীতি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ সমস্যার সমাধান করা সম্ভব।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদক (আইপিপি) বাংলাদেশের জন্যে বিপর্যকর উল্লেখ করে বলেন, এর ফলে দেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। যদিও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এ মন্তব্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ।

ঢাকা চেম্বারের নেতা মঞ্জুর আহমেদ এন্যার্জি রেগুলেশন কমিটির পুণর্গঠন ও ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করেন।

১৯১০ সালের পুরানো আইনের উল্লেখ করে রিরোলিং মিল অ্যাসোসিয়েশনের সভাপতি বিদুৎ ডিমান্ড চার্জ বাতিলের দাবি জানান।

এফবিসিসিআই উপদেষ্টা আলমগীর ফারুক সিদ্দিকি কৃষিখাতে বিদ্যুৎ ভর্তুকির দাবি জানান।

সভায় দোকান মালিক সমিতি সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, কামরান তানভীর, বিজিএমইএ সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, খুলনা ও ফেনী চেম্বারের নেতারাও বক্তব্য রাখেন।