বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হচ্ছে
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার বাণিজ্য বৃদ্ধি করতে দু’দেশের যৌথ উদ্যোগে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠনে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে বাংলাদেশ সফররত শ্রীলংকার স্পিকার ডব্লিউ জেএম লোকুবান্দারার সঙ্গে বৈঠককালে বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী একথা জানান।
বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে শ্রীলংকার বিপুল বিনিয়োগের পাশাপাশি দু’দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
এসময় শ্রীলংকা বাংলাদেশ থেকে ওষুধ আমদানির আগ্রহ ব্যক্ত করে বলে তিনি জানান।
বাণিজ্যমন্ত্রী জানান, কলম্বোতে অনুষ্ঠিত বাংলাদেশ সিঙ্গেল কান্ট্রি ফেয়ারের প্রথম দিনেই বাংলাদেশে একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি ৫০ হাজার মার্কিন ডলারের তাৎক্ষণিক অর্ডার পেয়েছে।
অন্যদিকে শ্রীলংকার স্পিকার দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ডব্লিউ জেএম লোকুবান্দারার বলেন, শ্রীলংকাও বাংলাদেশে একটি সিঙ্গেল কান্ট্রি ফেয়ারের আয়োজন করবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার গামিনি এস মুনাসিংঘে উপস্থিত ছিলেন।
