২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক-এর প্রথম বর্ষপূর্তিতে কল চার্জ কমানোর অফার

বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক বৃহস্পতিবার বাংলাদেশে তাদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনের জন্যে গ্রাহকদের সকল কলচার্জ কমানোর ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

এই অফারের আওতায় সকল প্যাকেজের গ্রাহকরা ১২ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলালিংক থেকে বাংলালিংকের সাথে সারাদিন প্রতি মিনিট এক টাকায় কথা বলতে পারবেন।

মিশরীয় ওরাসজম টেলিকম লি.-এর প্রতিষ্ঠান বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লারস্ পি রিশেল্ট বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি জানান, বাংলালিংক তার ১৫ লাখ গ্রাহককে প্রথম বর্ষপূর্তি উদযাপনের জন্যে এই সুযোগটি অফার করছে।

তিনি জানান, বাংলালিংক ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান মোবাইল কোম্পানি হিসেবে পরিচিতি পেয়েছে। এটি

মাত্র ১০ মাসে ৬১টি জেলার ৪২৫টি থানায় মোট জনসংখ্যার ৮৮ শতাংশের হাতে মোবাইল পৌঁছে দিয়েছে।

রিশেল্ট বলেন, মোবাইল অপারেটরদের বাজারে বাংলালিংক সত্যিকারের প্রতিযোগিতার সূচনা করেছে।

তিনি আরো বলেন, বাংলালিংক তার প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের সাধ্যানুযায়ী প্যাকেজ ও সহনীয় মাত্রার কল রেট চালু করেছে।

এছাড়া তিনি অভাবনীয় হারে সংযোগ ও হ্যান্ডসেটের মূল্য কমানো, স্ক্র্যাচ কার্ডের মেয়াদ বাড়ানোসহ গ্রাহকদের সেবায় বাংলালিংক-এর দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করেন।