সংবাদ বিশ্লেষণ: টাটা’র প্রস্তাব এবং বিশ্ব বাজারে গ্যাসের দাম
আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগে ভারতীয় প্রতিষ্ঠান টাটা গ্যাসের যে দাম প্রস্তাব করেছে, তা আন্তর্জাতিকতো বটেই, দেশের বাজারে সরবরাহ করা গ্যাসের মূল্যের চেয়েও কম।
বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ব্যবহারকারী দেশ আমেরিকায় গত ছয় বছরে গ্যাসের গড় দাম ছিল প্রতি হাজার ঘনফুট (এমসিএফ) প্রায় সাড়ে আট ডলার। ভোক্তা পর্যায়ে গত অর্থবছরে এই দাম ছিল ১১ ডলারের ওপরে। আর ইউরোপজুড়ে এই দাম ওঠানামা করেছে সাত থেকে সাড়ে ১০ ডলারের মধ্যে।
প্রতিবেশি দেশ ভারতে প্রতি এমএমবিটিইউ (প্রতি হাজার ঘনফুট) গ্যাসের বাজার নিয়ন্ত্রিত দাম চার ডলারের সামান্য বেশি। এলএনজি’র দাম ৪ দশমিক ৬০ মার্কিন ডলার।
অন্যদিকে মায়ানামার পাইপলাইনের মাধমে থাইল্যান্ডের কাছে প্রতি এমসিএফ গ্যাস বিক্রি করছে ৪ দশমিক ২৫ ডলার দামে। সম্প্রতি তারা চীনে গ্যাস বিক্রির একটি চুক্তি করেছে ৪ দশমিক ৮৫ ডলার হিসেবে।
দেশি-বিদেশি জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তেলের মত এশিয়ার বাজারে এখনো গ্যাসের কোনো দাম নির্ধারণ প্রক্রিয়া চালু হয়নি। কিন্তু এই অঞ্চলের জ্বালানি চাহিদা যেভাবে বাড়ছে, তাতে এই বাজার বিকশিত হতে বেশি সময় নেবে না।
দেশীয় বিশেষজ্ঞরা বলছেন, এ অঞ্চলের গ্যাসের মূল্য নির্ধারণের জন্যে সিঙ্গাপুর বাজারের হাই সালফার ফুয়েল অয়েল দামে এফওবি (ফেয়ার অনবোর্ড) কিংবা সিএনএফ (কস্ট অ্যান্ড ফ্রেইট) দাম উপজীব্য ধরে নির্ধারিত হয়ে আসছে। এই পদ্ধতি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ ব্যবহার করেছে উৎপাদন অংশীদারিত্ব চুক্তির (পিএসসি) আওতায় আইওসি’র জন্যে গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে।
সম্প্রতি ভারতীয় কোম্পানি টাটার বিনিয়োগ প্রস্তাবকে ঘিরে গ্যাসের দাম কী হবে, তা বেশ আলোচিত হচ্ছে। কেননা গ্যারান্টি ছাড়া দেশীয় বাজারের জন্যে সরবরাহ করা গ্যাসের ক্ষেত্রে দাম নির্ধারিত থাকলেও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দাম কী হবে, তার কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই।
টাটা পেট্রোবাংলাকে প্রতি এমসিএফ গ্যাসের দাম এক ডলার দেওয়ার প্রস্তাব করে। বিপরীতে পেট্রোবাংলার পক্ষ থেকে সিঙ্গাপুর বাজারের হাই সালফার ফুয়েল অয়েল দামে এফওবি ১০০ শতাংশ হিসেবে গ্যাসের দাম নির্ধারণের প্রস্তাব করা হয়।
উভয় পক্ষে সাত ঘন্টার আলোচনায় টাটা প্রতি এমসিএফ গ্যাসের দাম দেড় ডলার দেওয়ার আগ্রহ প্রকাশ করে। কিন্তু পেট্রোবাংলার পক্ষ থেকে টাটাকে চূড়ান্ত ধারণা দেয়া হয়, ২৫ বছরের সরবরাহ গ্যারান্টি চাইলে কোনোভাবেই প্রতি এমসিএফ গ্যাস সাড়ে সাত ডলারের কমে দেওয়া যাবে না।
নব্বইয়ের দশকে দেশের বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্যে যে প্রস্তাব তৈরি করা হয়েছিল, তাতে প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম ২ দশমিক ৪ ডলার ধরে বিদ্যুতের দামের প্রস্তাব চাওয়া হয়েছিল। কিন্তু পরে গ্যাস বিক্রির চুক্তির সময় তা আর অনুসরণ করা হয়নি।
এর বাইরে সার উৎপাদনে কাফকোর জন্যে গ্যাসের দাম নির্ধারণ করা হয় একটি জটিল প্রক্রিয়ায়। এর প্রধান কথা ছিল, আন্তর্জাতিক বাজারে সারের দাম বিবেচনা করে নির্ধারিত হবে গ্যাসের দাম। আর এই ফর্মুলায় গতবছর বাখরাবাদ গ্যাস কাফকোর কাছ থেকে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম পেয়েছে ২ দশমিক ৮৩ মার্কিন ডলার।
সম্প্রতি সরকার লাফার্জ সিমেন্টকে প্রতি হাজার ঘনফুট গ্যাস ২ দশমিক ৮০ ডলারে সরবরাহের চুক্তি করেছে।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে মধ্যপাচ্য এলএনজি করে গ্যাস রপ্তানির যে আয়োজন শুরু করেছে, তাতে তারা এর দাম কমপক্ষে তিন ডলার পাবে বলে আশা করছে। এই এলএনজি’র দাম বর্তমানে ভারতে ৪ দশমিক ৬০ এবং ইউরোপের বাজারে ৬ থেকে ১০ মার্কিন ডলার।
ভারত সরকার এবং সে দেশের বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থান থেকে গ্যাস কিনতে গিয়ে কম দাম প্রস্তাব করার কারণে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশে টাটার বিনিয়োগের বিষয়টি গ্যাসের দামের কারণে সে দিকেই যাচ্ছে বলে অনেকে অভিমত প্রকাশ করেন।
