২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

১৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১৪ ফেব্রুয়ারি থেকে রেলওয়ে পোলো গ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে। চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এ মেলার আয়োজন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মেলা উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মৎস ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু এবং থাইল্যান্ডের বাংলাদেশের নিযুক্ত সোফাত চিত্রানুক্রোয়া।

এ মেলায় থাইল্যান্ড চতুর্থবারের মত সহযোগী দেশ হিসেবে অংশগ্রহণ করছে।

সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বলেন, চট্টগ্রামে বাণিজ্যিক নগরীর মধ্যে আয়োজিত মেলাগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ।

তিনি বলেন, মেগা প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, প্যাভিলিয়ন এবং সাধারণ বুথসহ মোট স্টলের সংখ্যা থাকবে ৪০০’র বেশি।

তিনি বলেন, মেলার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে এবং এবারের মেলায় প্রতিবারের মত ব্যবসায়ীসহ হাজার হাজার দর্শকের সমাগম ঘটবে।

সিসিসিআই সুত্র জানায়, মেলা কেন্দ্রিক কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেলা এলাকার ভিতরে বা বাইরে ব্যাপক নিরাপত্তা কর্মী রাখা হবে। মেটাল ডিটেক্টরসহ র‌্যাব ও অন্যান্য নিরাপত্তা কর্মী মেলা প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে থাকবে।

বেশ কয়েকটি দেশের কোম্পানি পাশাপাশি দেশীয় প্রধান কোম্পানিগুলো এ মেলায় সক্রিয়ভাবে অংশ নেবে। মেলায় প্রবেশ মূল্য থাকবে বয়স্ক ব্যাক্তিদের জন্য ১০ টাকা এবং ছোটদের জন্য ৫ টাকা।

সিসিসিআই নেতারা মনে করেন, এ মেলা ভোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।