২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি মূল্য, অবকাঠামোগত বিষয়াদি নিয়ে পাকিস্তানি টেক্সটাইল প্রস্তুতকারকরা উদ্বিগ্ন

সফররত অল পাকিস্তান টেক্সটাইল প্রসেসিং মিলস এসোসিয়েশনের (এপিটিপিএমএ) প্রতিনিধি দল বুধবার বাংলাদেশে ক্রমবর্ধমান জ্বালানির মূল্য বৃদ্ধি ও অবকাঠামোগত সুযোগ- সুবিধার অভাবের কারণে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তার কাছে ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের প্রধান ও এপিটিপিএমএ’র চেয়ারম্যান ড. আরশাদ ভোহরা তার পক্ষের উদ্বেগের কথা প্রকাশ করেন।

বাংলাদেশে জ্বালানির মূল্যবৃদ্ধির ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তাগাদার কথা উল্লেখ করে ড. আরশাদ ভোহরা বলেন, কমপক্ষে পাঁচ বছরের জন্য নতুন বিনিয়োগকারীদের একটি নির্ধারিত জ্বালানি শুল্ক বাংলাদেশ সরকারের প্রদান করা উচিত।

ড. ভোহরা বলেন, বাংলাদেশে জ্বালানির মূল্য আন্তর্জাতিক বাজারের চেয়ে কম হওয়ার পরও টেক্সটাইল প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে যে সামগ্রিক ব্যয় হয়, তার ৪০ শতাংশ ব্যয় হয় জ্বালানির পিছনে। 

এপিটিপিএমএ চেয়ারম্যান বলেন, কারখানা থেকে নির্গত টেক্সটাইল বর্জ্য কাজে লাগানোর জন্য রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) বেপজার এক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ করা উচিত। এর ফলে ব্যবস্থাপনা ব্যয় কমে যাবে। বিদেশি বিনিয়োগকারীরা ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ করবে এমনটি আশা করা উচিত নয়।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) বাস্তবায়নের ব্যাপারে খুবই সক্রিয়।

পাকিস্তানি প্রতিনিধি দলকে তিনি অভয় দিয়ে বলেন, বিনিয়োগের সাথে জড়িত সমস্যাদি সমাধান করা হবে।

তিনি বলেন, বাণিজ্য বৃদ্ধি করার লক্ষ্যে সরাসরি নৌ চলাচল শুরু করতে দুই দেশের সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে।

এপিটিপিএমএ’র সাবেক চেয়ারম্যান এম জুবায়ের মোতিওয়ালা বলেন, আমরা সবেমাত্র সমঝোতা শুরু করেছি। বিনিয়োগের ঠিক এলাকাটি খুঁজে বের করতে সময় লাগবে।

তিনি বলেন, পরবর্তী পাঁচ বছরের জন্য ব্যয়ের মাত্রা নির্ধারণ করার জন্য সরকার জরিপ করতে পারে। এটি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার ক্ষেত্রে সহায়ক হবে। জ্বালানির মূল্য কম হওয়ার কারণে অতীতের বছরগুলোতে বাংলাদেশ বহু বিদেশির সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে সমর্থ হয়েছে।

এ সময় বাণিজ্য সচিব আব্দুল করিম, বেপজা চেয়ারম্যান জাকির হোসেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো’র (ইপিবি) ভাইস প্রেসিডেন্ট মীর শাহাবুদ্দিন আহমেদ এবং ইপিবি’র মহাপরিচালক মোস্তফা মহিউদ্দিন উপস্থিত ছিলেন।