২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ-সহায়ক পরিবেশের আরো উন্নয়ন প্রয়োজন: মাহমুদুর রহমান

বিনিয়োগ বোর্ডের নির্বাহী সভাপতি মাহমুদুর রহমান বেসরকারি খাতে আরো উন্নয়ন ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে দেশের অর্থনৈতিক এলাকার কৌশলগত উন্নয়নের ওপর জোর দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বিনিয়োগ বোর্ড, ‘সাউথ এশিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফেসিলিটি (এসইডিএফ) এবং এফআইএএস’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘এনহ্যান্সিং ইকোনমিক জোনস্ এন্ড রিডিউসিং অ্যাডমিনিস্ট্রেটিভ বেরিয়ার্স’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, এদেশের বেসরাকারি খাতের উন্নয়নের অন্যতম দুটি উপায় হচ্ছে-অর্থনৈতিক এলাকার উন্নয়ন এবং বিদ্যমান প্রশাসনিক বাধা দূর করা। চলমান কাঠামোগত উন্নয়ন অব্যহত এবং সুশাসন নিশ্চিত করা এখন খুবই জরুরি।

তিনি বলেন, এ লক্ষ্য অর্জন করতে সরকার বিদ্যমান অর্থনৈতিক এলাকাগুলোকে আরও শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাছাড়া একটি বিশেষ অর্থনৈতিক এলাকা গঠনের পরিকল্পনাও ইতিমধ্যে নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, দেশের ‘অর্থনৈতিক এলাকা ব্যবস্থা’ বিষয়ে এসইডিএফ ও এফআইএএস যে বিশ্লেষণ করেছে, তা সরকারকে নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।  তবে তিনি মনে করেন, ব্যবসা-বাণিজ্যের জন্য বিনিয়োগ সহায়ক পরিবেশের স্বার্থে বর্তমান নীতি ও বিধি-বিধানগুলোকে আরও শক্তিশালী করা প্রয়োজন। তাঁর মতে প্রশাসনিক বাধাগুলো দূর করা সম্ভব না হলে প্রতিযোগিতামূলক বিশ্বের চাহিদা পূরণ করা সম্ভব হবে না।

উদ্যোক্তারা জানান, দাতাদের অর্থায়নে ও আইএফসি’র ব্যবস্থানায় পরিচালিত ‘সাউথ এশিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি’ (এসইডিএফ) এবং বিশ্বব্যাংক ও আইএফসির সহায়তায় পরিচালিত ফরেন ইনভেস্টমেন্ট অ্যাডভাজরি সার্ভিস (ফীয়াস)-পিএসডিএসপি’র প্রণয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করছে।