পরিবেশ রক্ষায় সরকায় জাতীয় টাস্কফোর্স গঠন করবে
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া মঙ্গলবার বলেছেন, পরিবেশগত সমস্যা সমাধানের লক্ষ্যে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের বিষয়টি সরকার চিন্তাভাবনা করবে এবং সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে এটিকে যুক্ত করা হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) মঙ্গলবার টেকসই পরিবেশ বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষাই প্রধান বিষয় তা আমাদের শিকার করতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকার বিষয়টি আমরা গভীরভাবে চিন্তা করব।
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পরিবেশ প্রকৌশল বিভাগ, বুয়েটের আইটিএন, লাওবরো ইউনিভার্সিটির সিইআরএম ও ডব্লিউইডিসি এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এ সিম্পোজিয়ামের আয়োজন করে।
মান্নান ভূঁইয়া বলেন, ২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৬৭ শতাংশ এলাকা সেনিটেশনের আনা হয়েছে। ২০০৩ সালে তা ছিল মাত্র ৩৩ শতাংশ।
সিম্পোজিয়ামের আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম মুজিবুর রহমান বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে টেকসই পরিবেশ নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশকে পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে সবচেয়ে বিপদসংকুল দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অবৈজ্ঞানিকভাবে ভূমির ব্যবহার, ভূমির উপরিতলের পানির দূষণ, অপরিকল্পিত নগরায়ন, বসতি নির্মাণ, প্রাকৃতিক বিপর্যয় ও আবহাওয়ার পরিবর্তন এ পরিস্থিতির জন্য দায়ী।
ব্রিটিশ কাউন্সিলের পরিচালক জুন রুলিনসন বলেন, আমাদের সামনে অসংখ চ্যালেঞ্জ রয়েছে। শহর ও গ্রামাঞ্চলের দারিদ্র্য পরিস্থিতির উন্নয়ন না ঘটালে টেকসই পরিবেশ নিশ্চিত করা কঠিন হবে।
