ভিক্ষুকদের জন্য সিটিগ্রুপ, গ্রামীণ ট্রাস্টের সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি
বাংলাদেশের ভিক্ষুকরা যেন তাদের দরিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারে সে জন্য সিটিগ্রুপ ও গ্রামীণ ট্রাস্ট যৌথভাবে একটি ব্যতিক্রমধর্মী সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি শুরু করার উদ্যোগ নিয়েছে।
‘প্রজেক্ট ডিগটিনি’ নামের কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্য কর্মসূচির অনুকরণে কাজ করবে এবং এই প্রকল্পের সফল অভিজ্ঞতার আলোকে এশিয়ার অন্যান্য দেশে এই কর্মসূচি পুনঃস্থাপনের উদ্যোগ নেয়া হবে।
সংগ্রামী সদস্য কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংক ইতোমধ্যে এ দেশের ৭০ হাজারের কাছাকাছি ভিক্ষুককে ঋণ দিয়েছে।
কর্মসূটি বাস্তবায়ন করার জন্য সিটিগ্রুপ তিন বছরে গ্রামীণ ট্রাস্টকে ২৫০,০০০ মার্কিন ডলার অনুদান প্রদান করবে। এ অর্থ দিয়ে ২,৫০০ জন ভিক্ষুককে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে প্রত্যন্ত অঞ্চলের ভিক্ষুকদের ঋণ দেয়া হবে। কর্মসূচির আওতায় একজন ভিক্ষুককে তিন হাজার টাকা দেয়া হবে।
কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মৌলিক শিক্ষা ও আর্থিক বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা প্রদান, আয় বৃদ্ধিমুলক কার্যক্রমে সহায়তা করা এবং বীমা পলিসি নিশ্চিত করা হবে- যাতে কোন সদস্যের মৃত্যু হলে তার পরিবারকে জরুরি প্রয়োজন মেটানের জন্য আর্থিক সহায়তা করা যায়। তাছাড়া এ পলিসি দ্বারা উক্ত সদস্যের বকেয়া ঋণও পরিশোধ করা হবে বলে সিটিগ্রুপের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কর্মসূচির ঘোষণা উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিগ্রুপের বাংলাদেশ প্রতিনিধি মামুন রশীদ বলেন, ভিক্ষুকরা যাতে ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করে সম্মানজনক উপায়ে জীবনধারন করতে পারে সে লক্ষ্যে কর্মসূচিটি তাদের সামনে বিকল্প উপায় সৃষ্টি করবে।
তিনি বলেন, কর্মসূচির আওতায় ভিক্ষুকরা সুদ ও জামানতমুক্ত ঋণ পাবে এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে তাদের মতামতের উপর গুরুত্ব দেয়া হবে।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশকে একটি ভিক্ষুকমুক্ত দেশ হিসেবে দেখতে চাই। কর্মসূচিটি সফল হলে সিটিগ্রুপ ভবিষ্যতে আরো বেশি অনুদান দেবে।
গ্রামীণের বর্তমান সংগ্রামী সদস্য কর্মসূচির কথা উল্লেখ করে গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এইচ আই লতিফি বলেন, তালিকাভূক্ত ৭০,০০০ সদস্যের মধ্যে পাঁচশ’র মত ভিক্ষুক ইতোমধ্যে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছে।
তিনি বলেন, সারাদেশে তিন লাখেরও বেশি ভিক্ষুক রয়েছে এবং গ্রামীণ তাদের সম্মানজনক জীবনধারন করতে দেখতে চায়।
